“মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবেন না!” প্রতিযোগীদের ওপর বেজায় চটে প্রকাশ্যে বিস্ফোরক বার্তা জয় ভানুশালির

যেই সময় এগোচ্ছে, ততই যেন আরও বেশি করে উত্তপ্ত হয়ে উঠছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর অন্দরমহল। সম্প্রতি সলমন খান সঞ্চালিত এই শোয়ের একটি টাস্কের মাঝে প্রতিযোগী ইয়ং ডিএসএ এবং কণিকা মান অভিনেত্রী মাহি ভিজ ও জয় ভানুশালির সন্তানদের টেনে এনে অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই শোয়ের অন্দরে কান্নায় ভেঙে পড়েন মাহি। আর এবার এই গোটা ঘটনায় প্রকাশ্যে মুখ খুলে বেজায় চটেছেন অভিনেত্রীর স্বামী তথা জনপ্রিয় অভিনেতা জয় ভানুশালি।

এদিন ইনস্টাগ্রামে নিজের স্ত্রী মাহি এবং তিন সন্তান—তারা, খুশি ও রাজবীরকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেন জয়। ছবিটির সঙ্গে একটি দীর্ঘ ও আবেগঘন ক্যাপশন লিখে তিনি সাফ জানিয়ে দেন, বাবা হিসেবে তিনি অত্যন্ত মর্মাহত এবং তিনি আর কখনই তাঁর সন্তানদের বিগ বস দেখতে দেবেন না। জয় পোস্টে লিখেছেন, তিনি কারও ব্যক্তিগত গেম বা নির্দিষ্ট কোনো প্রতিযোগীকে নিয়ে আর কোনো মন্তব্য করবেন না, তবে প্রয়োজনে তিনি সবসময় তাঁর স্ত্রী মাহিকে সমর্থন জুগিয়ে যাবেন।

২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জয় ও মাহি চলতি বছরেই আইনত আলাদা হয়েছেন ঠিকই, কিন্তু বিচ্ছেদের পরেও তাঁরা অত্যন্ত দায়িত্বশীলভাবে একসঙ্গে তাঁদের তিন সন্তানকে মানুষ করছেন। এদিন প্রতিযোগী ইয়ং ডিএসএ এবং কণিকা মানকে একহাত নিয়ে জয় লেখেন, শোয়ের একটি টাস্কে ইয়ং ডিএসএ তাঁর সন্তানদের বেড়ে ওঠা নিয়ে অবান্তর প্রশ্ন তোলে এবং দাবি করে যে ওরা নাকি তাদের মায়ের কাজের জন্য লজ্জিত হবে। পাশাপাশি কণিকা মানও মন্তব্য করেন যে তিনি নাকি কখনই মাহির সন্তানদের মুখোমুখি হতে চান না। লাভ গিলের মা-ও অকারণে তাঁর ছোট মেয়েকে এই বিতর্কে টেনে আনেন।

জয় ক্ষোভপ্রকাশ করে লেখেন, মাত্র ৭ বছরের একটি ছোট বাচ্চা বিগ বসের কোনো প্রতিযোগী নয়। যাদের সঙ্গে শোয়ের কোনো সম্পর্কই নেই, তাদের কেন বিনা কারণে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে টানা হবে? খেলা হিসেবে মাহির সঙ্গে মতবিরোধ থাকতে পারে, তাঁর সিদ্ধান্তকে প্রশ্ন করা যেতে পারে, কিন্তু সন্তান ও মাতৃত্বকে নিয়ে টানা মানে সমস্ত শালীনতার সীমা বাউন্ডারি ক্রস করা। পোস্টের শেষে জয় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাবা হিসেবে তিনি তাঁর সন্তানদের এমন কোনো মানসিক ট্রমার মধ্যে ফেলতে চান না, যেখানে মাহিকে নিচু দেখানোর জন্য তাদের বলিপ্রদান করা হবে। সন্তানদের মানসিক শান্তি ও সরলতাই তাঁর কাছে সবকিছুর উর্ধ্বে। এখন দেখার বিষয়, আগামী ‘উইকেন্ড কা ভার’ পর্বে এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে শোয়ের হোস্ট সলমন খান কী পদক্ষেপ নেন।