‘যুদ্ধও নয়, শান্তিও নয়—মানব না!’ ওয়াশিংটনকে কড়া বার্তা ইরানের, ট্যাঙ্কারে আগুন ঘিরে তীব্র উত্তেজনা

হরমুজ প্রণালীর আকাশে আমেরিকার একটি এমকিউ-নাইন (MQ-9) সামরিক ড্রোন আটকে গুলি করে নামানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। আইআরজিসির এরোস্পেস ফোর্স নতুন ও আধুনিক একটি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এই অভিযান চালিয়েছে বলে জানানো হয়েছে। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ইরানি বাহিনীর হাতে ধ্বংস হওয়া এটি ৫৮তম এমকিউ-নাইন ড্রোন।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এরোস্পেস ফোর্সের একটি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ড্রোনটিকে ধ্বংস করেছে। তবে ঠিক কীভাবে এবং কোন প্রযুক্তিগত প্রক্রিয়ায় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের শীর্ষ মহল বারবার স্পষ্ট করেছে যে, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশলগত জলপথের ওপর কড়া নজরদারি রাখা হয় এবং আকাশসীমা লঙ্ঘনের যেকোনো চেষ্টার কড়া জবাব দেওয়া হবে।

এমকিউ-নাইন রিপার হলো মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম একটি উন্নত আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV)। মার্কিন সামরিক বাহিনী মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর কাজে এই ড্রোন ব্যবহার করে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন কূটনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এই দাবি সামনে এল। নতুন করে কোনো সামরিক সংঘাত শুরু হলে তার চরম পরিণতি ভোগ করতে হবে বলে আগেই সতর্ক করেছিল ইরান।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, যেকোনো সামরিক পরিস্থিতির মোকাবিলা করতে ইরান পুরোপুরি প্রস্তুত। তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থা বা ‘যুদ্ধও নয় আবার শান্তিও নয়’—এমন দোদুল্যমান পরিস্থিতি তারা মেনে নেবে না। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী মোহেব্বি বলেন, “যুদ্ধও নয় আবার শান্তিও নয়, এমন পরিস্থিতি আমরা মানব না।” তাঁর বক্তব্য, হয় যুদ্ধক্ষেত্রেই চূড়ান্ত ফয়সালা হবে, নতুবা আমেরিকাকে ইরানের শর্ত মেনে নিতে হবে।

নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতির কথাও তুলে ধরেছেন আইআরজিসি মুখপাত্র। তিনি জানান, ১২ দিনের সংঘাতের পর ইরান অন্তত তিনটি নতুন ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। মোহেব্বির কথায়, নতুন প্রতিরক্ষা ব্যবস্থার নকশা ও নির্মাণে আইআরজিসি এরোস্পেস ফোর্সের সদস্যরা দিনরাত পরিশ্রম করেছেন এবং আজ একটি নয়, অন্তত তিনটি নতুন সিস্টেম তৈরি করা সম্ভব হয়েছে।

এর আগে ১৫ নভেম্বর আইআরজিসি দাবি করেছিল যে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন এয়ার ডিফেন্স রেডার সিস্টেমকে লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। পাশাপাশি, সংরক্ষিত সামুদ্রিক এলাকায় নৌ-মাইনে আঘাত হানার পর একটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগার খবরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে এবং নির্ধারিত সংরক্ষিত এলাকায় না ঢুকতে জাহাজগুলোকে সতর্ক করেছে ইরানের নৌবাহিনী।