‘ভুল পথে চালিত হয়েছিলাম!’ বাগদান ভেঙে যাওয়ার মাস ঘুরতেই চাঞ্চল্যকর ঘোষণা সেলিব্রিটি জুটির!

মাসখানেক আগে বাগদান ভেঙে দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ এবং তেলুগু অভিনেত্রী আকৃতি আগরওয়াল। আংটি বদলের মাত্র ছ’মাস পরেই আকৃতির একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় তাঁরা জানিয়েছিলেন যে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও লক্ষ্য আলাদা হওয়ার কারণে তাঁরা যৌথভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের সেই তিক্ততা কাটিয়ে মাসখানেক কাটতে না কাটতেই ফের কাছাকাছি এলেন এই তারকা জুটি। সমস্ত ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য মিটমাট করে সম্পর্ককে আরও একটি সুযোগ দেওয়ার ঘোষণা করেছেন তাঁরা।

সোমবার, ১২ অক্টোবর ইনস্টাগ্রামে একটি নতুন পোস্ট শেয়ার করে আকৃতি জানান যে তাঁরা ফের এক হয়েছেন। ওই পোস্টে অভিনেত্রী খোলামেলা স্বীকার করে নেন যে, সে সময় তাঁর কাছের মানুষের কথায় প্রভাবিত হয়ে তিনি সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। আকৃতি লেখেন, “আমি যখন আমাদের বাগদান ভাঙার কথা ঘোষণা করি, তখন আমার কাছের মানুষ যাঁরা আমাদের সম্পর্ককে চিনতেন, তাঁদের মতামতকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। তাঁরাই প্রভাবিত করেছিল আমার ফিয়ঁসেকে আমি কোন নজরে দেখব সেই বিষয়ে। আমার মনে হয়েছে আমাকে ভুল পথে চালিত করা হয়েছিল।”

তিনি আরও স্বীকার করেন যে নিজেদের মধ্যে কথা না বলেই তিনি তড়িঘড়ি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর ফলে যাঁদের কষ্ট পেয়েছেন, তাঁদের সবার দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন। আকৃতি জানান, একে অপরের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাঁরা সমস্ত ভুল বোঝাবুঝি দূর করেছেন এবং পুনরায় একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পোস্টে তিনি লেখেন, “এই বার, আমি চাই আমাদের ভবিষ্যৎ আমরা দুজন ঠিক করি ভরসা এবং ভালোবাসার উপর বিশ্বাস রেখে।”

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই জাঁকজমকপূর্ণভাবে বাগদান সেরেছিলেন পৃথ্বী ও আকৃতি। সেই আনন্দের মুহূর্তগুলোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন ক্রিকেটার। অন্যদিকে, আকৃতি তেলেগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। এই বছরই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ত্রিমুখ’। রাজেশ নাইডু পরিচালিত এই ছবিতে সানি লিওন, যোগেশ কাল্লে ও আদিত্য শ্রীবাস্তবদের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। পুজো বা উৎসবের মরসুমের ঠিক আগে এই তারকা জুটির ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া লাগায় বেজায় খুশি তাঁদের অগণিত অনুরাগীরা।