বিচ্ছেদের ঠিক এক মাস পরেই ডিগবাজি! পৃথ্বী শ-র সঙ্গে ফের বাগদান ভাঙার সিদ্ধান্ত বদল আকৃতির

ক্রিকেটার পৃথ্বী শ-র ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। কেরিয়ারের গ্রাফ যখন নিম্নমুখী এবং মাঠের বাইরে একের পর এক বিতর্কে জর্জরিত তিনি, ঠিক তখনই তাঁর ব্যক্তিগত জীবনে এল এক নাটকীয় মোড়। দীর্ঘ জল্পনা ও মানসিক টানাপোড়েনের পর যা ঘটেছিল, তা একেবারে অপ্রত্যাশিত। গত মার্চ মাসেই ধুমধাম করে বাগদান সেরেছিলেন তরুণ ওপেনার পৃথ্বী শ এবং আকৃতি আগরওয়াল। কিন্তু সেই সম্পর্কের স্থায়িত্ব হয়েছিল মাত্র ছ’মাস। গত ১৭ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে দু’জনের পথ আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন আকৃতি নিজে।

তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার ঠিক এক মাস কাটতে না কাটতেই নিজের অবস্থান থেকে সম্পূর্ণ ইউ-টার্ন নিলেন আকৃতি। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ঘোষণা করলেন যে, তাঁরা আর আলাদা থাকছেন না, বরং সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে পুনরায় একত্রিত হচ্ছেন। আকৃতির এই আকস্মিক সিদ্ধান্তে অবাক হয়েছেন অনুরাগীরাও।

কেন এমন সিদ্ধান্ত বদল? নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে খোলসা করে আকৃতি লিখেছেন, “আমি যখন আমাদের বাগদান ভেঙেছিলাম, তখন আমার কাছের কিছু মানুষের দ্বারা প্রভাবিত হয়েছিলাম। যারা নিজেদের আমাদের সম্পর্কের ব্যাপারে আমাদের চেয়েও বেশি বিশেষজ্ঞ মনে করত, তাদের ভুল বোঝাবুঝির ফলেই আমি আবেগের বশে ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। কোনো রকম আলোচনা না করেই আমি ভুল পদক্ষেপ ফেলেছিলাম, যা সবার আগে করা উচিত ছিল।”

নিজের ভুল স্বীকার করে তিনি আরও যোগ করেন, “আমি আমার এই সিদ্ধান্তের এবং এর ফলে যাঁদের আঘাত পেয়েছিলেন, তাঁদের প্রত্যেকের কাছে সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। পরবর্তীতে আমরা মুখোমুখি বসে খোলামেলা আলোচনা করেছি, একে অপরকে নতুন করে বুঝেছি এবং ফের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন বিশ্বাস করি যে আমরা একে অপরের জন্য যথেষ্ট এবং আমাদের জীবনে অন্য কারুর হস্তক্ষেপের প্রয়োজন নেই।”

আকৃতির চাওয়া, তাঁদের এই নতুন সম্পর্কের দ্বিতীয় ইনিংস যেন পারস্পরিক ভালোবাসা, গভীর বোঝাপড়া এবং অটুট বিশ্বাসের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। পাশাপাশি, নেটিজেন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর বিশেষ অনুরোধ, তাঁরা যেন এই জুটির ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানান এবং ইতিবাচক মনোভাব নিয়ে তাঁদের পাশে থাকেন।