বড় বিপাকে র‍্যাপার বাদশা! চণ্ডীগড়ে সিল করা হলো তার বিলাসবহুল ক্লাব

জনপ্রিয় র‍্যাপার এবং গায়ক বাদশার মালিকানাধীন চণ্ডীগড়ের বিখ্যাত ক্লাব ‘SAGO By Badshah’ সিল করে দিল প্রশাসন। মঙ্গলবার (২ জুন) চণ্ডীগড় প্রশাসনের এনফোর্সমেন্ট উইং সেক্টর-২৬ এ অবস্থিত এই জনপ্রিয় ক্লাবে বড়সড় অভিযান চালিয়ে সিলগালা করে দেয়।

প্রশাসন সূত্রে খবর, ক্লাবটির নির্মাণ কাঠামো এবং ভবন পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগ ছিল। বেশ কিছুদিন আগেই এই সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়ে প্রশাসনের তরফে জবাব চাওয়া হয়েছিল। কিন্তু ক্লাবের দেওয়া উত্তর সন্তোষজনক না হওয়ায় কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সম্প্রতি চণ্ডীগড় প্রশাসন শহরের বিভিন্ন ডিসকো ও ক্লাবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে বাদশার ক্লাবকে বন্ধ করে দেওয়া হলো।

২০২৩ সালের ১৫ ডিসেম্বর চণ্ডীগড়ে যাত্রা শুরু করেছিল ‘SAGO’। এটি শুধুমাত্র ক্লাব নয়, একটি রেস্তোরাঁ হিসেবেও বেশ জনপ্রিয় ছিল। গত মাসেই এই ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে বাদশার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে বেশ আয়েশ করে খাবার উপভোগ করতে দেখা গিয়েছিল। কিন্তু সেই জনপ্রিয়তার মাঝেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ল বাদশার এই ব্যবসাপ্রতিষ্ঠান। প্রশাসনের মতে, নিরাপত্তা ও নিয়মবিধির তোয়াক্কা না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সেক্টর-২৬ এর আরও কয়েকটি ডিসকো প্রশাসনের রডারে রয়েছে বলে জানা গিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy