প্রাক্তনকে ফেরাতে বাধ্য হলেন দেব! ‘বিপদে পড়ে সবার আগে আমার কথাই কেন মনে পড়ল?’ শুভশ্রীর কঠিন প্রশ্নে যা বললেন অভিনেতা!

টলিপাড়ার সবথেকে চর্চিত এবং বহু প্রতীক্ষিত জুটিকে রুপোলি পর্দায় ফেরাতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন দেব। নিজেই ছবি পরিচালনা করার পাশাপাশি নিজের বিপরীতে বেছে নিলেন প্রাক্তন বান্ধবী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে বৃষ্টিভেজা সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তাঁদের নতুন ছবি ‘দেশু ৭’-এর জমজমাট ট্রেলার লঞ্চ ইভেন্ট। আর সেই মঞ্চেই দেবকে সরাসরি এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন শুভশ্রী। অভিনেত্রী সরাসরি জানতে চান, “বিপদে পড়ে সবার আগে আমার কথাই কেন মনে পড়ল?” আর এই বিস্ফোরক প্রশ্নের উত্তরেই দেব এমন সব অজানা তথ্য ফাঁস করলেন, যা শুনে স্তব্ধ হয়ে যায় পুরো দর্শকাসন।

ট্রেলার লঞ্চের মঞ্চে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির অন্দরের ‘ব্যান কালচার’ ও রাজনীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন দেব। তিনি জানান, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে যেমন একটা সময় অভিনয় করতে দেওয়া হচ্ছিল না, ঠিক তেমনই তাঁকে নাকি পুজোয় ছবি রিলিজ করতে না দেওয়ার জন্য নানা ফন্দিফিকির করা হয়েছিল। নিয়তির পরিহাসের কথা বলতে গিয়ে দেব স্মৃতিচারণা করেন সেই ‘ধূমকেতু’ ছবির কথা। তিনি বলেন, হয়তো ‘ধূমকেতু’র পর তাঁদের দুজনকে ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলেই সেদিন অনির্বাণকে ব্যান করা হয়েছিল। সাংসদ হওয়ার পর নিজের রাজনৈতিক কেরিয়ার ও একের পর এক ফ্লপ ছবি নিয়ে বলতে গিয়ে দেব বলেন, মানুষ যখন তাঁর ছবি ফ্লপ করার কথা বলছিল, তখন তিনি নিজেই প্রোডাকশন হাউজ খোলেন এবং সমস্ত রিমেক ছবি করা বন্ধ করে দেন।

কিন্তু যখন চারপাশ থেকে তাঁর ছবি মুক্তির পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছিল, তখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাঁর একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন শুভশ্রীই। দেব বলেন, “কোথাও যেন মনে হল এই যুদ্ধে জিততে হলে তোমাকে আমার পাশে লাগবে। তাই প্রথম ফোনটা তোমাকেই করেছিলাম…”। দেবের এই অকপট স্বীকারোক্তির পরেই হাততালিতে ফেটে পড়ে নজরুল মঞ্চ। আগামী এক সপ্তাহ বাদেই অর্থাৎ দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’।

এদিনের এই বিশেষ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পুরো স্টার কাস্ট। অপরাজিতা আঢ্য, প্রদীপ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার থেকে শুরু করে রজতাভ দত্ত—সকলেই হাজির ছিলেন। এমনকি দেবকে শুভেচ্ছা জানাতে দর্শকাসনে উপস্থিত ছিলেন অভিনেতা জিৎও। তবে অসুস্থতার কারণে আসতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইধিকা পাল থেকে শুরু করে কাঞ্চন মল্লিক ও অনির্বাণ ভট্টাচার্য—প্রত্যেকেই দেবের এই নতুন রূপ ও পরিচালক হিসেবে তাঁর ডেবিউ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কাঞ্চন মল্লিক নিজের চেনা ছন্দে জানান, অভিনেতা থেকে প্রযোজক এবং আজ পরিচালক—নিজেকে বারবার ভেঙে নতুন করে গড়ে তুলেছেন দেব। অনির্বাণের জমাটি আড্ডায় শেষ হয় এই মেগা ইভেন্ট।