আর্ট কলেজের স্বপ্নভঙ্গ থেকে বিদেশি বাজারের রাজত্ব! কাটোয়ার সুমনের হাতের নকশায় তৈরি পাঞ্জাবিতে মজেছে আমেরিকা-অস্ট্রেলিয়া!

একসময় আর্থিক অনটনের কারণে কাটোয়ার সুমন মোদকের আর্ট কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। কিন্তু ছোট থেকেই ছবি আঁকার ও শিল্পের প্রতি যে অগাধ ভালোবাসা ছিল, তাকে সম্বল করেই জীবনযুদ্ধের নতুন পথ বেছে নিয়েছিলেন তিনি। কাটোয়া কলেজে পড়াশোনার পাশাপাশি চাদর ও টেবিল ক্লথে নকশা করা শুরু করেন সুমন। পরবর্তীতে টিউশন পড়িয়ে জমানো মাত্র তিন-চার হাজার টাকা পুঁজি নিয়ে পাঞ্জাবির ওপর নিজের হাতে নিখুঁত নকশা করে তা সমাজমাধ্যমে পোস্ট করতেই সম্পূর্ণ বদলে যায় তাঁর জীবনযাত্রার গল্প।
ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর হাতের কাজের চাহিদা। কাটিং থেকে শুরু করে ডিজাইনিং—সবকিছুর মধ্যেই তাঁর নিজস্ব সৃষ্টিশীলতার ছোঁয়া ক্রেতাদের মন জয় করে নেয়। বর্তমানে তাঁর রয়েছে নিজস্ব কারখানা এবং ব্র্যান্ড। অসম, শিলিগুড়ি, পুনে ও বেঙ্গালুরুর গণ্ডি পেরিয়ে এবারের পুজোয় সুমনের তৈরি এক্সক্লুসিভ পাঞ্জাবি পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং নিউইয়র্কের বাজারেও। এমনকি বাংলা সিরিয়ালের খ্যাতনামী অভিনেতাদেরও প্রথম পছন্দ এখন তাঁর ডিজাইন করা পাঞ্জাবি। একসময় যাঁদের কাজের জন্য ঠাট্টা-তামাশা শুনতে হয়েছিল, আজ নিজের অদম্য জেদ ও শিল্পসত্তার জোরে তিনি একজন সফল ব্যবসায়ী।