পুলিশের ভ্যানে বসে জেলের শর্ত নিয়ে রসিকতা! মুম্বইয়ে প্রতিবাদে যোগ দিয়ে আটক আমির খানের ভাইঝি-সহ বলিউড তারকারা

নির্বাচনী কারচুপি এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে দিল্লির পাশাপাশি উত্তাল হয়ে উঠল মুম্বই। মুম্বইয়ের ঐতিহাসিক অগস্ট ক্রান্তি ময়দানে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে পুলিশি আটক ও হেনস্থার শিকার হলেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর ভাইঝি জেন মারি এবং লেখিকা-অভিনেত্রী লেখা ওয়াশিংটন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
পুলিশ সূত্রে খবর, পর্যাপ্ত লিখিত অনুমতি না থাকার কারণে পুলিশ ভ্যানে তুলে ইমরান খান ও জেন মারিকে আটক করা হয়। যদিও গভীর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়, তবে মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তারকারা। ইনস্টাগ্রামে নিজের হাত ও পায়ের ক্ষতের ছবি পোস্ট করে জেন মারি সাফ জানান, ভয়ের পরিবেশ তৈরি করে আন্দোলন দমন করা যাবে না। পাশাপাশি, লেখা ওয়াশিংটন অভিযোগ করেন যে থানা থেকে বেরনোর পর ক্যাব চালকদের হুমকি দিয়ে তাঁদের বাড়ি ফেরায় বাধা দেওয়া হয়েছিল।
এদিকে আটক থাকাকালীন প্রিজন ভ্যানের ভিতরের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ইমরান খানের বিখ্যাত সিনেমা ‘জানে তু… ইয়া জানে না’-র স্মৃতি রোমন্থন করে রসিকতা করতে দেখা যায় জেন ও ইমরানকে। শুধু মুম্বই নয়, এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে দিল্লিতেও, যেখানে যন্তর মন্তরের কাছ থেকে প্রায় চার হাজার আন্দোলনকারীকে আটক করে পুলিশ। তারকাদের ওপর এই পুলিশি কড়াকড়ি ও হেনস্থা ঘিরে বর্তমানে দেশজুড়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।