‘টাকার জন্য সব করতে পারে!’ রাজবীরের পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনে তুলকালাম বাঁধালেন ইউটিউবার

‘বিগ বস বাংলা’-র ঘরের অন্দরে চলা টানটান উত্তেজনার মধ্যেই শোয়ের অন্যতম চর্চিত প্রতিযোগী রাজবীরকে ঘিরে বোমা ফাটালেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। স্রেফ মৌখিক অভিযোগেই থেমে থাকেননি, বরং সংবাদমাধ্যমের সামনে রাজবীরের সঙ্গে তাঁর পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট এবং অকাট্য প্রমাণ পেশ করেছেন তিনি। স্যান্ডির বিস্ফোরক দাবি, মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে তাঁর সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে গিয়েছিলেন রাজবীর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র শোরগোল।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্যান্ডি বলেন, “যে মানুষটা ৫ হাজার টাকার জন্য আমার সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে যায়, তাঁকে নিয়ে আর নতুন করে কী বলার থাকতে পারে! ওর কাছে টাকাটাই সব। রাজবীর প্রতিনিয়ত আমার কাছে ৫০ হাজার টাকা করে দাবি করত।” কলকাতার শুরুর দিনগুলোর স্মৃতি হাতড়ে স্যান্ডি আরও জানান, একসময় এই শহরে মাথা গোঁজার ঠাঁই না পেয়ে শিলিগুড়ি থেকে এসে তাঁর বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন রাজবীর। কিন্তু স্বার্থসিদ্ধির জন্য তিনি এখন একের পর এক মানুষকে ব্যবহার করছেন বলে অভিযোগ স্যান্ডির।
বিশেষ করে বিগ বসের ঘরে নন্দিনীর সঙ্গে রাজবীরের বর্তমান সমীকরণ নিয়েও তীব্র কটাক্ষ করেছেন স্যান্ডি। তাঁর মতে, এই প্রেমের সম্পর্ক সম্পূর্ণভাবে একটি সাজানো গেমপ্ল্যান। মুম্বইয়ের একাধিক ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে নন্দিনী—সবাইকেই নিজের কেরিয়ারের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন রাজবীর। একসময়ে রাজবীরের সঙ্গে নিজের বন্ধুত্বের কথা স্মরণ করে স্যান্ডি জানান, ‘রোডিজ’ থেকে বাদ পড়ার সময় তিনি রাজবীরের জন্য কেঁদেছিলেন। কিন্তু আজকের এই তিক্ত পরিণতিতে তিনি হতাশ। রাজবীর হয়তো দুর্দান্ত গেম খেলে এই রিয়্যালিটি শোয়ের ট্রফি জিতেও যেতে পারেন, তবে মানুষ হিসেবে তাঁর এই জয় স্যান্ডির কাছে একেবারেই গ্রহণযোগ্য হবে না। গুঞ্জন রয়েছে, স্যান্ডি যদি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এই শোয়ে প্রবেশ করেন, তবে ঘরে তাঁদের এই মুখোমুখি লড়াই শোয়ের টিআরপি যে আকাশছোঁয়া করে দেবে, তা বলাই বাহুল্য।