চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন মল্লিক? হঠাৎ কেন এমন ইঙ্গিত দিলেন শ্রীময়ী!

ভালোবাসার কোনো দিনক্ষণ না থাকলেও ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসের দিনই হঠাৎ করে আইনি বিয়ে সেরেছিলেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতি। মাত্র আট মাস পরই তাঁদের কোল আলো করে আসে কন্যাসন্তান—কৃষভি। যদিও তাঁদের তৃতীয় বিয়ে এবং বয়সের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এবং কটাক্ষের ঢেউ বারবার আছড়ে পড়েছে।

জীবনের এই মিষ্টি মুহূর্তে আচমকাই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক নাটকীয় পোস্ট করলেন শ্রীময়ী। তিনি কাঞ্চন মল্লিকের দুটি ছবি একসঙ্গে ভাগ করে নেন। প্রথম ছবিতে কাঞ্চনের পাশে দেখা যায় অলিভিয়া সরকার, যেখানে কাঞ্চন অলিভিয়ার গলা জড়িয়ে যেন সিনেমার দৃশ্যের মতো পোজ দিয়েছেন। আর দ্বিতীয় ছবিতে ক্রিম রঙের হুডি পরা শোলাঙ্কি রায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেন অভিনেতা।

এই দুটি ছবি একসঙ্গে পোস্ট করে শ্রীময়ীর ক্যাপশনটি ছিল আরও চমকে দেওয়ার মতো— “কাঞ্চন আবার???? আর না প্লিজ।”

মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় হুল্লোড় পড়ে যায়। অনেকেই ভেবে বসেন, ফের কি কোনো নতুন ঝামেলা? কাঞ্চন মল্লিক কি চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন?

কিন্তু না— এই নাটকীয় ক্যাপশনের আড়ালে ছিল নিখাদ রসিকতা, মিষ্টি ঠাট্টা এবং ট্রোলদের প্রতি অভিনেত্রীর রসবোধের জবাব। শ্রীময়ী জানেন, বিতর্ক এবং কটাক্ষকে দূরে সরিয়ে রাখতে হলে রাগ নয়, প্রয়োজন জীবনের প্রতি নরম হাসি। তাঁদের সম্পর্ক এবং বয়সের পার্থক্য নিয়ে যতই আলোচনা হোক না কেন, শ্রীময়ী বারবার রসিকতার ছলেই সেসবের জবাব ফিরিয়ে দেন। এই পোস্টটিও তারই একটি উদাহরণ— যেখানে বিতর্ককে হালকা করে ট্রোলদের প্রতি রসিকতার তির ছুঁড়ে দিলেন অভিনেত্রী।