কোন তারকারা মাতাবেন জি বাংলার মহালয়া? ত্রিদেবের চরিত্রে কারা থাকছেন?

পুজোর আর হাতে গোনা মাত্র ক’দিন বাকি। আকাশে শরতের মেঘ না জমলেও ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মহালয়ার শুটিংও সম্পন্ন হয়েছে। কার মাথায় উঠবে দেবী দুর্গার মুকুট এবং কোন রূপেই বা ধরা দেবেন জনপ্রিয় তারকারা, তা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। সূত্রের খবর, এবছর জি বাংলার মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দুর্গার প্রধান রূপটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। এর আগেও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক চলাকালীন মহালয়ায় দেবীরূপে অঙ্কিতাকে দেখেছেন দর্শক। তবে চমকের এখানেই শেষ নয়, শুধু অঙ্কিতা নন, জি বাংলার এই মহালয়া অনুষ্ঠানে থাকছেন আরও এক চর্চিত ও জনপ্রিয় অভিনেত্রী। সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রী ইধিকা পালকে দেখা যাবে দেবীর অন্য এক বিশেষ রূপে। অন্যদিকে, মহালয়ার অন্যতম প্রধান আকর্ষণ হলো ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর—এই ত্রিদেবের চরিত্রায়ণ। দর্শকদের মনে প্রশ্ন ছিল, এই গুরুত্বপূর্ণ পৌরাণিক চরিত্রগুলোতে কোন অভিনেতাদের দেখা মিলবে? বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, এবছরের মহালয়ায় দেবাদিদেব মহাদেবের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। এর আগেও তাঁকে মহাদেবের রূপেই দেখেছেন ছোটপর্দার দর্শক। জানা গিয়েছে, অর্গানিক স্টুডিওর ব্যানারে আসছে একটি নতুন ধারাবাহিক, আর সেই প্রজেক্টের হাত ধরেই জি বাংলার পর্দায় কামব্যাক করছেন রুবেল। তাঁর সঙ্গে এই মেগায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকেও। ফলে জি বাংলার শিবের চরিত্রে তাঁর এই ফেরা একপ্রকার ‘ঘর ওয়াপসি’ বলেই মনে করছেন অনুরাগীরা। পাশাপাশি, সৃষ্টির দেবতা ব্রহ্মার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কৌশিক দত্ত। অন্যদিকে, ত্রিমূর্তির অন্যতম দেবতা বিষ্ণুর চরিত্রে দেখা যাবে প্রতিভাবান অভিনেতা সপ্তর্ষি রায়কে। এই মুহূর্তে তাঁকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এ দেখা যাচ্ছে। এই ধারাবাহিকের নায়ক আয়ুষ্মানের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সপ্তর্ষি। তাই মহালয়ার পর্দায় তাঁকে বিষ্ণু দেবতার রূপায়ণ করতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাঁর ভক্তরা। সবমিলিয়ে, তারকাখচিত এই মহালয়া অনুষ্ঠান ছোটপর্দায় এক অন্য মাত্রা যোগ করতে চলেছে