ওটিটিতে ধামাকা এন্ট্রি! ছোটপর্দার জনপ্রিয় মুখ রত্নপ্রিয়া এবার হইচই-এর ‘কাউরীবুড়ির মন্দির’-এ

ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। তাঁর অভিনীত চরিত্রগুলো বরাবরই দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছে। এবার তাঁর অনুরাগীদের জন্য এল এক দুর্দান্ত সুখবর। খুব শীঘ্রই ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। জনপ্রিয় প্ল্যাটফর্ম হইচই-এর আসন্ন সাসপেন্স ও পুরাণনির্ভর সিরিজ ‘কাউরীবুড়ির মন্দির’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি এই সিরিজে নিজের লুকের প্রথম ঝলক শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।

পরিচালক সায়ন্তন ঘোষালের পরিচালনায় এবং অভীক সরকারের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই নতুন পৌরাণিক ও রহস্যে মোড়া সিরিজটি। এই সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক ঘটছে অভিনেতা জীতু কামালেরও। গল্পে জীতুকে একজন জ্যোতিষীর চরিত্রে দেখা যাবে, যার বিপরীতে জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। এই প্রথমবার কোনো প্রজেক্টে পর্দায় জুটি বাঁধছেন জীতু ও শোলাঙ্কি। অন্যদিকে, সিরিজে পাওলি দামের চরিত্রটি অত্যন্ত রহস্যময় হতে চলেছে। প্রাচীন প্রথা, মিথ এবং রোমাঞ্চের এক অদ্ভুত মিশেলে এগোবে এর চিত্রনাট্য।

সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রত্নপ্রিয়া দাস। এই সিরিজে তাঁকে সম্পূর্ণ অন্যরকম এক আদিবাসী মহিলার চরিত্রে দেখা যাবে। এতদিন দর্শকরা তাঁকে যে ধরনের চরিত্রে দেখেছেন, এটি তার থেকে একেবারে আলাদা। এই সিরিজে তাঁকে মারকাটারি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে, যেখানে তাঁর চোখেমুখে ফুটে উঠবে দারুণ হিংস্রতা ও ক্ষুরধার রূপ। প্রথম ওটিটি প্রজেক্টেই যে রত্নপ্রিয়া নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে বড় চমক দেবেন, তা বলাই বাহুল্য।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, এই সিরিজের গল্পে যুক্ত হতে চলেছে হইচই-এর আরও এক জনপ্রিয় সিরিজ ‘রক্তফলক’-এর যোগসূত্র। তবে দুই গল্পের মেলবন্ধন ঠিক কীভাবে ঘটবে, সেটাই এখন নির্মাতাদের পক্ষ থেকে বড় চমক হিসেবে রাখা হয়েছে। জীতু, পাওলি, শোলাঙ্কি এবং রত্নপ্রিয়ার এই তারকাবহুল কাজ যে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলবে, তা নিয়ে আশাবাদী কলাকুশলীরাও।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty