অভিনয় থেকে সোজা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়! গবেষক ও শিক্ষক হিসেবে নতুন ইনিংস শুরু মিথিলার

অভিনয়, উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘ পেশাজীবন, আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ, পাশাপাশি গবেষণা ও শিক্ষকতা—নিজের পরিচয়ের পরিধি বারবার প্রসারিত করে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এবার তাঁর মুকুটে যুক্ত হলো আরও এক মর্যাদাপূর্ণ অধ্যায়। ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের দীর্ঘ ও সফল সম্পর্কের পর এবার আমেরিকার অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলেন তিনি। একই সঙ্গে নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও (CUNY) শুরু করেছেন শিক্ষকতার কাজ।

নতুন কর্মজীবন শুরু করে মিথিলা যোগ দিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ। সেখানে তিনি অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদের আওতায় নিউইয়র্কের ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ উদ্যোগের পরিকল্পনা ও মূল্যায়নের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় পরিষেবা ও সুযোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ পরিচালিত হয়। নিজের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গবেষণার লক্ষ্য ও স্থানীয় মানুষের বাস্তব প্রয়োজনকে মেলাতেই কাজ করবেন তিনি। গবেষণার পাশাপাশি নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ননপ্রফিট ম্যানেজমেন্ট বিষয়ে পাঠদান শুরু করেছেন তিনি।

এই সাফল্যের পেছনে রয়েছে ব্র্যাকের সঙ্গে তাঁর প্রায় ২০ বছরের দীর্ঘ পথচলা। যার মধ্যে প্রায় ১৫ বছরই কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রে এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের নেতৃত্ব দিয়ে। বিনোদন জগতের পরিচিত মুখ হয়েও মডেলিং, টেলিভিশন অভিনয়, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি নিজের পড়াশোনা ও কন্যা আয়রাকে সামলে এই বহুমুখী পথচলা তৈরি করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে এবং সাম্প্রতিক নানা জল্পনা নিয়ে চর্চা থাকলেও, নিজের পেশাগত উৎকর্ষ ও যোগ্যতার জোরে মিথিলা আন্তর্জাতিক স্তরে আরও এক অনন্য পরিচিতি গড়ে তুললেন।