ওয়েলিংটনে ব্যাটে রান নেই, তাও পন্টিংকে টপকে চূড়ায়! বিরাটের এক রানেই তৈরি হলো নয়া ‘বিরাট’ নজির

নিউজিল্যান্ড সফরে এসে আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড বইয়ে একের পর এক নতুন অধ্যায় লিখছেন ভারতীয় ক্রিকেটের ‘মহাবাটবৃক্ষ’ বিরাট কোহলি। সিরিজের প্রথম ম্যাচেই ৩ নম্বরে ব্যাট করতে নেমে ওডিআই ক্রিকেটে ১৩ হাজার রান এবং রান তাড়ার ক্ষেত্রে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়ে জোড়া বিশ্বরেকর্ড গড়ার নজির গড়ার পর, দ্বিতীয় ম্যাচেও এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন তিনি। যদিও ওয়েলিংটনে শনিবার তাঁর ব্যাটে রান আসেনি, তবুও অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে টপকে ওডিআই ক্রিকেটে নিজের নামে যুক্ত করলেন আরও এক অনন্য পালক।

শনিবার কিউয়িদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কঠিন পরিস্থিতির মুখে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। বিপদের দিনে চওড়া হয়নি বিরাটের ব্যাটও। মাত্র ৭ রান করেই জ্যাকব ডাফির বলে প্যাভিলিয়নে ফেরেন দেশের প্রাক্তন অধিনায়ক। তবে এই সংক্ষিপ্ত ইনিংসে প্রথম রানটি নেওয়ার সাথেই তিনি টপকে যান রিকি পন্টিংকে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় এত দিন অজি কিংবদন্তি রিকি পন্টিং যে শিখরে বসে ছিলেন, এদিন তাঁকে টপকে সেই জায়গায় নিজের নাম খোদাই করলেন কোহলি। কিউয়ি বোলারদের বিরুদ্ধে দীর্ঘদিনের পারফরম্যান্সের ধারাবাহিকতাই কোহলিকে পৌঁছে দিল এই অনন্য উচ্চতায়।

ব্যাটিং বিপর্যয়ের কারণে ওয়েলিংটনে দলগতভাবে ভারত ব্যাকফুটে থাকলেও, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ককে টপকে বিরাটের এই ঐতিহাসিক রেকর্ড কিউয়ি মাটিতে তাঁর অদম্য দক্ষতারই চূড়ান্ত প্রমাণ।