পিএম-কিষাণ থেকে আবাসন—আধার বাতিল করে চালু হচ্ছে নয়া নিয়ম? কী প্রভাব পড়বে আপনার অ্যাকাউন্টে?

বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের আর্থিক সুবিধা পেতে এত দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে গণ্য হতো আধার কার্ড। কিন্তু এবার সেই বহুপ্রচলিত ব্যবস্থায় এক বড়সড় বদলের স্পষ্ট ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে আধার কার্ড আর প্রধান বা একমাত্র পরিচয়পত্র হিসেবে মান্যতা পাবে না। তার পরিবর্তে উপভোক্তাদের পরিচয় যাচাইয়ে ব্যবহার করা হবে ভোটার কার্ডের EPIC নম্বর এবং বায়োমেট্রিক তথ্য।
শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন পিপল্স প্ল্যান ক্যাম্পেন ২০২৬-২৭’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী।
কেন আধার থেকে সরছে কেন্দ্র?
ওই কর্মশালায় কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং স্পষ্ট জানান, “আধার কার্ড এখন আর উপভোক্তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে পরিচয়ের একমাত্র ভিত্তি বা ডকুমেন্ট থাকবে না।” এই ব্যবস্থার কারণ দর্শাতে গিয়ে তিনি জানান যে, দেশের আনাচে-কানাচে অগণিত আধার তৈরি ও সংশোধনের কেন্দ্র ছড়িয়ে রয়েছে। বহু ক্ষেত্রে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আধার কার্ড বানিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, যার ফলে জালিয়াতি ও ভুয়া উপভোক্তা তৈরি হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছে।
জালিয়াতি রুখতেই কড়া অবস্থান নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে গ্রাহকের প্রকৃত পরিচয় ও আঙুলের ছাপ বা চোখের মণির (বায়োমেট্রিক) তথ্যের পাশাপাশি ভোটার কার্ডের EPIC নম্বরকেই প্রধান ভিত্তি হিসেবে দেখা হবে। মন্ত্রীর কথায়, এই জোড়া তথ্যের চূড়ান্ত যাচাইয়ের পর তবেই মেলা সরকারি বরাদ্দের টাকা ছাড়া হবে।
কোন কোন প্রকল্পে বলবৎ হবে এই নিয়ম?
নতুন এই নির্দেশিকা কোন কোন কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বলবৎ হতে চলেছে কিংবা কবে থেকে এই নিয়ম চালুর সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি মন্ত্রী।
উল্লেখ্য, বর্তমানে পঞ্চায়েত মন্ত্রকের সরাসরি কোনো ব্যাঙ্ক ট্রান্সফার প্রকল্প না থাকলেও মন্ত্রী লালন সিংয়ের অধীনস্থ মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের বেশ কিছু প্রকল্পে আর্থিক অনুদান পেতে আধার বাধ্যতামূলক। এছাড়া ‘পিএম-কিষাণ’ (PM-Kisan), ‘প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসন যোজনা’ এবং ১০০ দিনের কাজের মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের টাকা পাঠানো হয়। নতুন নীতি চালু হলে এই সমস্ত মেগা প্রকল্পের অর্থ হস্তান্তরে কেমন পরিবর্তন আসবে, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে।
ভোটার কার্ড ও বায়োমেট্রিক বাধ্যতামূলক হওয়ায় বাড়ছে বিতর্ক
দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে রাজনৈতিক বিতর্ক চলাকালীন সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে ভোটার কার্ডের EPIC নম্বর বাধ্যতামূলক করার এই ঘোষণায় নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে যাঁদের এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি বা ভোটার কার্ড নেই, তাঁদের ক্ষেত্রে বিকল্প কী ব্যবস্থা থাকবে— সে বিষয়ে মন্ত্রকের পক্ষ থেকে পরবর্তীতে বিশদ নির্দেশিকা জারি করা হবে বলে আশা করা হচ্ছে।