হোয়াইট হাউসে লাল সতর্কতা! টেক্সাস-ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের ঐতিহাসিক কামব্যাক

২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ভোটগণনায় বড়সড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান শিবিরের অন্যতম প্রধান ‘অ্যাসিড টেস্ট’ হিসেবে বিবেচিত এই নির্বাচনে বিপুল শক্তি প্রদর্শন করেছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। প্রাথমিক ফলাফলের প্রবণতা অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট ও নিম্নকক্ষ হাউসে একাধিক প্রভাবশালী রিপাবলিকান আসনে এগিয়ে গিয়ে ট্রাম্পের দলের উপর চাপ মারাত্মক বাড়িয়ে দিয়েছে তারা।

৪৩৫ আসন বিশিষ্ট প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসনের প্রয়োজন। সুইং ডিস্ট্রিক্টগুলিতে রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করে বহু গুরুত্বপূর্ণ আসনে জয় ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা, যা ট্রাম্পের নীতির প্রতি সাধারণ মানুষের অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত। পাশাপাশি টেক্সাস ও কানসাসের মতো ঐতিহ্যগতভাবে লাল অর্থাৎ রিপাবলিকান দুর্গেও ডেমোক্র্যাটদের চমকপ্রদ সাফল্য লক্ষ্য করা গেছে। জর্জিয়ায় জন ওসফ-সহ নিউ মেক্সিকো এবং ওহাইওতে নিজেদের প্রভাব বজায় রেখেছে তারা।

এদিকে ভারতীয়-আমেরিকান প্রার্থীদের উজ্জ্বল পারফরম্যান্স এই নির্বাচনের অন্যতম বড় আকর্ষণ। ভার্জিনিয়ার ১০ম কংগ্রেসনাল জেলা থেকে সুহাস সুব্রহ্মণ্যম তাঁর আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। অন্যদিকে ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়া বড় জয় পেয়ে আসনটি ‘ব্লু’ করেছেন। বিশ্লেষকদের মতে, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ট্রাম্প সরকারের বাকি মেয়াদের নীতি ও সিদ্ধান্ত প্রণয়নে চরম বাধা তৈরি হবে।