এসআইআর নিয়ে অপপ্রচারের পাল্টা জবাব! চিলড্রেন পার্ক থেকে বিশাল মশাল মিছিল বিজেপির, হুংকার মন্ত্রী টিংকু রায়ের

দেশজুড়ে অরাজকতা সৃষ্টি এবং এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে বিরোধী দলগুলির অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠল ত্রিপুরার শাসকদল। ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রাজধানী আগরতলায় এক সুবিশাল ও উদ্দীপনাপূর্ণ প্রতিবাদী মশাল মিছিলের আয়োজন করা হয়। বিরোধী সিপিএম, কংগ্রেস ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জনবিভ্রান্তি ছড়ানোর অভিযোগে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ।

চিলড্রেন পার্ক থেকে শুরু উত্তাল রাজপথ: এ দিন রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী চিলড্রেন পার্ক থেকে যুব মোর্চার এই মশাল মিছিলটি শুরু হয়। হাজার হাজার কর্মী-সমর্থকের হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে এক প্রতিবাদ সভায় শেষ হয়। মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব, রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় এবং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদারসহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

“আমেরিকার স্বার্থে দেশের গণতন্ত্র দুর্বল করার ষড়যন্ত্র!” মিছিল শুরুর পূর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “কংগ্রেস ও সিপিএম পরিকল্পিতভাবে দেশজুড়ে মিথ্যাচার চালাচ্ছে। ভারতে অতীতেও একাধিকবার এসআইআর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে, এমনকি বিরোধীদের শাসনকালেও তা হয়েছিল। অথচ আজ সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এটাকে ইস্যু করা হচ্ছে।”

অন্যদিকে যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “দেশের অভ্যন্তরীণ শক্তিকে দুর্বল করতে এবং দেশের গণতান্ত্রিক ঐতিহ্য বিনষ্ট করতে পরোক্ষভাবে বিদেশি ষড়যন্ত চালানো হচ্ছে। বিরোধীরা প্রকারান্তরে আমেরিকার স্বার্থ রক্ষায় কাজ করছে। কিন্তু বিজেপি কোনো বিদেশি শক্তির দালালি বরদাস্ত করবে না, আমরা ভারতের পক্ষে এবং ভারতীয় গণতন্ত্রের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি।”

আসন্ন পুরভোটে বিরোধীদের ‘ওয়াশআউট’ করার হুংকার: কেবল জাতীয় ইস্যুই নয়, আসন্ন আগরতলা পুরনিগম-সহ রাজ্যের সমস্ত নগর স্থানীয় সংস্থার (ULB) নির্বাচনে বিরোধীদের ধূলিসাৎ করার সংকল্প নেওয়া হয় এই মিছিল থেকে। যুব মোর্চা নেতৃত্বের দাবি, বিজেপির রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার দূরদর্শী নেতৃত্বে তারা সম্পূর্ণ প্রস্তুত। তাঁদের স্পষ্ট বার্তা, আসন্ন পুরনিগম নির্বাচনে বাম ও কংগ্রেস জোট একটি আসনও পাবে না এবং সেই লক্ষ্যেই আজ গণতন্ত্র রক্ষার এই মশাল মিছিল অনুষ্ঠিত হলো।