৬ হাজার আবেদনপত্র সিবিও ড্রপ বক্সে! নভেম্বরের পুরভোটে প্রার্থী বাছতে বিজেপিতে তুমুল তোলপাড়!

নভেম্বরের সম্ভাব্য কলকাতা ও হাওড়া পুরভোটকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। টিকিট প্রার্থীদের ভিড়ে এখন তুমুল ব্যস্ততা গেরুয়া শিবিরে। কলকাতার প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহের নির্ধারিত সময়সীমা পার হতেই মুরলীধর সেন লেনের অফিস থেকে হাজার হাজার আবেদনপত্র কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সল্টলেকের রাজ্য বিজেপির অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। বিজেপি সূত্র অনুযায়ী, ১১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ড্রপ বক্স, ইমেইল ও নেতৃত্বকে সরাসরি চিঠি মারফত প্রায় ৬ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এখন রাজ্য বিজেপির নির্বাচন কমিটি অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সমস্ত আবেদন খতিয়ে দেখার কাজ শুরু করেছে। জেলা ও মণ্ডল স্তর থেকে আবেদনকারীদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, এলাকায় সংগঠন শক্তি ও সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখা হচ্ছে। সবচেয়ে বড় চমক—তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলর এবং বিদায়ী বোর্ডের বেশ কয়েকজন সদস্যও নাকি বিজেপির টিকিটে লড়ার জন্য গোপন আবেদন পাঠিয়েছেন। অন্যদিকে জোট এবং বিজেপি দলে ‘তৃণমূলীকরণ’ নিয়ে তৈরি হওয়া সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “কাউকে সঙ্গে নিয়ে বা কোনো জোট করে লড়ার প্রয়োজন নেই বিজেপির। দলে কোনো তৃণমূলীকরণ হবে না। বিজেপি একা লড়েই মানুষেক সমর্থন নিয়ে কলকাতা ও হাওড়ায় পুর বোর্ড গঠন করবে।”