আমির-ইমরানের ঘর না পেয়েই টাইগারের বিএমডব্লিউতে গুলি! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নতুন হিটলিস্ট প্রকাশ

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর প্রাণঘাতী হামলার তদন্তে নেমে একের পর এক হাড়হিম করা তথ্য সামনে আনল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গত ১৮ অক্টোবর টাইগারকে লক্ষ্য করে গুলি চালানোর ঠিক আগে বলিউড সুপারস্টার আমির খান এবং অভিনেতা ইমরান হাশমির বাড়িতেও নজরদারি বা রেকি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল হামলাকারীদের। কিন্তু মুম্বইয়ের রাস্তায় তাঁদের সঠিক ঠিকানা খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত টাইগার শ্রফকে নিশানা করার ছক কষে দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় শুধুমাত্র সলমন খান ছিলেন না, তাঁদের হিটলিস্টে ছিলেন আমির খান ও ইমরান হাশমিও। আমিরের দক্ষিণ মুম্বইয়ের নতুন বাসস্থানের হদিশ হামলাকারীরা পায়নি এবং ইমরান হাশমির বাড়িও বহু খোঁজাখুঁজি করে খুঁজে পায়নি তারা। এরপরই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে টাইগার শ্রফের রিলস ও ভিডিও দেখে তাঁর গতিবিধি ট্র্যাক করে শুটাররা। ইনস্টাগ্রাম মারফত তারা জানতে পারে যে টাইগার প্রতি রবিবার জুহুর পুষ্প নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান।
ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্ত—রাধা বর্মা (২১), ববিতা রাও (২১), কুণাল জামিনসিং (২১) এবং সুমিত সরোলিয়া (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাদের ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। কুণালের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের অনিল পণ্ডিতের সরাসরি যোগাযোগ মিলেছে। অভিযুক্তদের মূল কাজ ছিল শুটারদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়া।
উল্লেখ্য, ১৮ অক্টোবর জুহুর এক ফুটবল ক্লাব থেকে বিএমডব্লিউ গাড়িতে বের হওয়ার সময় টাইগারের উইন্ডস্ক্রিন ও পাশের জানলা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। গুলিতে টাইগারের চালক আহত হলেও মুহূর্তের মধ্যে চরম সাহসিকতার পরিচয় দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়েন অভিনেতা এবং নিজেই গাড়ি চালিয়ে আহত ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যান।