অনুষ্কার পোশাকে কিসের আভাস? কৃষ্ণ দাসের অনুষ্ঠানে ‘বিরুষ্কা’কে দেখে ঘুম উড়ল ভক্তদের!

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ঘিরে নেটপাড়ায় আবার নতুন জল্পনা উসকে উঠেছে। সম্প্রতি মুম্বইয়ে এক আধ্যাত্মিক অনুষ্ঠানে দু’জনকে একসাথে দেখা যাওয়ার পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা? ভামিকা এবং অকায়ের পর কি তবে তাঁদের পরিবারে আসতে চলেছে তৃতীয় সন্তান? তারকা দম্পতির সাম্প্রতিক পোশাক এবং চালচলন দেখে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

গত ২৫ অক্টোবর, মুম্বইয়ের ওরলিতে আয়োজন করা হয়েছিল আমেরিকান ভক্তিগীতি শিল্পী কৃষ্ণ দাসের এক বিশেষ কীর্তন অনুষ্ঠান। সেখানে একদম সাধারণ পোশাকে পাশাপাশি বসে কীর্তনের সুর উপভোগ করতে দেখা যায় বিরাট ও অনুষ্কাকে। কখনো হাততালি দিয়ে, আবার কখনো গানের সুরে মেতে উঠে আধ্যাত্মিক আমেজে সময় কাটান এই তারকা দম্পতি। কিন্তু সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজর আটকে যায় অনুষ্কার পোশাকের দিকে। অনেকেরই দাবি, ঢিলেঢালা পোশাকের নিচে স্পষ্ট দেখা যাচ্ছে ‘বেবি বাম্প’।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম নেয় তাঁদের প্রথমা কন্যা সন্তান ভামিকা। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের কোল আলো করে আসে পুত্র সন্তান অকায়। সন্তানদের প্রচারের আলো থেকে দূরে রাখতেই ভালোবাসেন এই জুুটি। তবে এবারও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তৃতীয় সন্তানের জল্পনা নিয়ে বিরাট বা অনুষ্কা—কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত অনুরাগীরা অপেক্ষা করছেন তারকা দম্পতির দাপ্তরিক ঘোষণার জন্য।