চোরবাগানের ট্র্যাজেডি থেকে শিক্ষা! ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালীপুজোয় এবার অভাবনীয় সুরক্ষা ব্যবস্থা

দুর্গাপুজোয় চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর এবার কালীপুজোতেও সতর্কতার চাদর মোড়া হচ্ছে। কলকাতার অন্যতম খ্যাতনামা ও ঐতিহ্যবাহী ‘ফাটাকেষ্ট নব যুবক সংঘ’-এর কালীপুজোয় এবার দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে অভাবনীয় পদক্ষেপ। চোরবাগানে ভিড়ের চাপে ১৯ জনের মৃত্যুর ঘটনা উৎসবের আবহকে ম্লান করে দিয়েছিল। সেই ঘটনার থেকে শিক্ষা নিয়েই এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে এই পুজো কমিটি।

১৫ ফুট সংকীর্ণ গলিতে আয়োজিত এই পুজোয় মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের মতো তারকাদের পদধূলি পড়েছে। প্রতি বছর দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের সামলাতে এবার মণ্ডপ থেকে বেরোনোর গেটের পরিমাপ অনেকটা বাড়ানো হয়েছে। গত বছর প্রতিমা শিল্পী পরিবর্তন নিয়ে বিতর্ক হলেও, এবারও প্রতিমা গড়েছেন কুমোরটুলির খ্যাতনামা শিল্পী মিন্টু পাল।

পুজো কমিটির সহ-সম্পাদক ধনঞ্জয় ধর জানান, ৬৯তম বর্ষে প্রবেশ করা এই পুজোর মণ্ডপের নিচে যাতায়াতের পথ অনেক প্রশস্ত করা হয়েছে। অগ্নিকাণ্ড এড়াতে মণ্ডপের মাথায় ত্রিপলের ওপর টিন লাগানো হয়েছে এবং আশপাশের ছাদে বালির বস্তাসহ স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি এবং বিনামূল্যে হেলথ চেকআপ ক্যাম্পের ব্যবস্থাও রাখা হয়েছে। চোরবাগান ট্র্যাজেডির সিআইডি তদন্ত ও ৯ জনের গ্রেপ্তারের পর এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দর্শনার্থীদের অনেকটাই আস্বস্ত করবে।