ভোটার তালিকায় “রাম নে যাদব কো মারা”! আপ সাংসদের তোপে ব্যাকফুটে নির্বাচন কমিশন

উত্তরপ্রদেশের ভোটার তালিকায় ভোটারদের নামের মারাত্মক ভুল এবং তা নিয়ে সমাজমাধ্যমে সিইও দপ্তরের ব্যঙ্গাত্মক মন্তব্য ঘিরে রাজনীতিতে ঝড় উঠেছে। চারদিক থেকে আসা তীব্র সমালোচনা ও রাজনৈতিক চাপের মুখে অবশেষে নতিস্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য হল উত্তরপ্রদেশ নির্বাচন কমিশন।

ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের সাম্প্রতিক বিধান পরিষদ নির্বাচনের ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে। তালিকায় ‘রামহিত যাদব’ নামে এক ভোটারের নামের জায়গায় অদ্ভুতভাবে লেখা ছিল ‘রাম নে যাদব কো মারা’। এই চাঞ্চল্যকর ভুল সামনে আসতেই আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এক্স (X) হ্যান্ডলে ক্ষোভ উগরে দেন। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের কম্পিউটার কি জাতিবাদী আচরণ করছে?

এই আক্রমণের জবাবে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) নবদীপ রিনওয়ার দপ্তর থেকে পাল্টা ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়। রবি শর্মা নামের এক ভোটারের উদাহরণ টেনে সিইও দপ্তর দাবি করে, সেখানে লেখা রয়েছে ‘রাম নে শর্মা কো মারা’, তাই কোনো জাতিগত বৈষম্য হয়নি। এমনকি অন্য একটি পোস্টে কটাক্ষ করে বলা হয়, “ভগবানকে ধন্যবাদ যে রাম কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যকে মারেননি, না হলে আমাদের সাম্প্রদায়িক বলে অভিযুক্ত করা হতো!”

কমিশনের এই হালকা চালের উত্তর আগুনে ঘি ঢালে। সঞ্জয় সিং লখনউতে সাংবাদিক বৈঠক করে সিইও-কে ‘বিজেপির এজেন্ট’ বলে তোপ দাগেন এবং জানান, ‘মহম্মদ ইকবাল বেগ’-এর নাম বদলে ‘মহম্মদ ইকবাল ভীখ মাংতে হ্যায়’ লেখা হয়েছে। তুমুল গোলমালের মুখে পড়ে মঙ্গলবার কমিশন পোস্ট করে জানায়, তাদের মন্তব্যের সুর ও ভাষা সরকারি হ্যান্ডলের উপযুক্ত ছিল না। ক্ষুব্ধ নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে সংযত থাকার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।