মদপ্রেমীদের জন্য বিরাট খবর! ভারতে ব্যাপক সস্তা হতে চলেছে স্কচ হুইস্কি

মদপ্রেমীদের জন্য এল এক ঐতিহাসিক ও আনন্দদায়ক খবর! ভারতীয় মাল্ট হুইস্কি অ্যাসোসিয়েশন (IMWA) এবং স্কটল্যান্ডভিত্তিক স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশন (SWA) এক যৌথ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো উভয় দেশের হুইস্কির মান সংরক্ষণ, গুণমান বজায় রাখা, দায়িত্বশীল মদ্যপান প্রচার এবং বাজার সম্প্রসারণে একসঙ্গে কাজ করা। এর ফলে ভারত ও ব্রিটেনের হুইস্কি শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) কার্যকর হওয়ার পর থেকেই ভারতের বাজারে স্কচ হুইস্কির চাহিদা ও বিক্রি বহুগুণ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এই চুক্তির অধীনে স্কচ হুইস্কির আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হয়েছে, যা আগামী এক দশকে পর্যায়ক্রমে আরও কমিয়ে ৪০ শতাংশে আনা হবে। ট্যাক্স কমার ফলে ভারতে স্কচ হুইস্কি আরও সুলভ মূল্যে মিলবে। অন্যদিকে, ভারত থেকে তৈরি সিঙ্গেল মাল্ট হুইস্কিও ব্রিটেনের বিশ্বমানের বাজারে নিজের জায়গা আরও শক্ত করার দুর্দান্ত সুযোগ পাবে।
পরিসংখ্যান অনুযায়ী, ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্কচ হুইস্কির আমদানিকারক দেশ। সম্প্রতি ভারতে প্রায় ২২ কোটি বোতলের সমপরিমাণ স্কচ আমদানি করা হয়েছে, যা বিগত এক দশকে প্রায় দ্বিগুণ। IMWA-এর মহাপরিচালক মেজর জেনারেল রাজেশ চোপড়া জানিয়েছেন, এই ঐতিহাসিক চুক্তিটি ভারতীয় মাল্ট হুইস্কি শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি এবং দ্রুত উন্নতির ক্ষেত্রে এক মাইলফলক হয়ে থাকবে।