ধনতেরসে সোনা-রুপো কেনার আগে সাবধান! জিএসটি ও মজুরি হিসেব করেছেন তো?

উৎসবের মরশুমে সোনা-রুপো কেনার ধূম রাজ্য জুড়ে। ধনতেরস ও দীপাবলি উপলক্ষে কলকাতায় কেনাকাটা চরম পর্যায়ে পৌঁছালেও সোনা কেনার আগে মধ্যবিত্তের নজর এখন বাজারের দামের দিকে। ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে শহর কলকাতায় ২২ ক্যারেট, ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট—তিন ধরনের সোনার দামেই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে।
২৬ অক্টোবরের বাজার দর অনুযায়ী, ৯৯৫ বিশুদ্ধতার অর্থাৎ ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৪,১৩১ টাকা, যা গত ২৪ অক্টোবর ছিল ১৪,০৯০ টাকা। মাত্র দু’দিনে প্রতি গ্রামে বেড়েছে ৪১ টাকা। গয়না তৈরির জন্য সবচেয়ে জনপ্রিয় ২২ ক্যারেটের বিক্রি দর দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১৩,৪২৫ টাকা, যা ২৪ অক্টোবরে ছিল ১৩,৩৮৫ টাকা (বৃদ্ধি গ্রাম প্রতি ৪০ টাকা)। আবার পুরনো ২২ ক্যারেটের সোনা বিক্রির দর বাড়তি প্রতি গ্রামে ৩৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২,৮৫৯ টাকা। এর পাশাপাশি ১৮ ক্যারেটের (৭৫০ বিশুদ্ধতা) সোনা প্রতি গ্রামে ১১,০২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১০,৯৯০ টাকা।
তবে সোনার দাম বাড়লেও ৯৯৯ বিশুদ্ধতার কেজি প্রতি রুপোর বারের দর ১,৯৯,২২৩ টাকায় অপরিবর্তিত রয়েছে। মনে রাখা জরুরি, উল্লেখিত তালিকায় ৩ শতাংশ জিএসটি (GST) এবং গয়নার মেকিং চার্জ অন্তর্ভুক্ত নেই। ফলে শো-রুমে কেনাকাটার সময় চূড়ান্ত বিলের অঙ্ক বেশ কিছুটা বেশি হবে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ধনতেরসে কেনাকাটার আগে অবশ্যই সঠিক ক্যারেট, মজুরি, প্রামাণ্য হলমার্ক ও HUID নম্বর যাচাই করে তবেই পাকা বিল নেওয়া উচিত।