জোকা থেকে এসপ্ল্যানেড এবার মাত্র কয়েক মিনিটে! মেট্রোর পার্পল লাইনে হঠাৎ ৩০০ কোটির বিরাট ধামাকা

দক্ষিণ-পশ্চিম কলকাতা থেকে শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র এসপ্ল্যানেডে পৌঁছানো এবার হতে চলেছে একেবারেই জলের মতো সহজ ও দ্রুত। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর বহুল প্রতীক্ষিত ‘পার্পল লাইন’ বা লাইন-৩ এর সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজে এবার এক বিরাট পদক্ষেপ নিল প্রশাসন। মেট্রোর এই রুটের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে প্রায় ৩০০ কোটি (২৯৭.৪৫ কোটি) টাকার বিশাল দরপত্র বা টেন্ডার আহ্বান করেছে নির্মাণকারী সংস্থা ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ (RVNL)।
মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, মূলত জোকা থেকে এসপ্ল্যানেড সংযোগকারী এই পার্পল লাইনের ভূগর্ভস্থ এবং মাটির উপরের অসম্পূর্ণ অংশগুলিতে বিদ্যুতায়ন ও ট্র্যাকশনের কাজ জোড়কদমে শুরু করা হচ্ছে। টেন্ডারের মাধ্যমে মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলার টানেল ও ৪টি আন্ডারগ্রাউন্ড স্টেশন, জোকা থেকে আইআইএম (IIM) পর্যন্ত অংশ এবং ডায়মন্ড পার্ক করিডোরে ‘৭৫০ ভোল্ট ডিসি থার্ডরেল ট্র্যাকশন সিস্টেম’ বসানো, সাব-স্টেশন নির্মাণ, ট্রায়াল রান ও কমিশনিংয়ের কাজ সম্পন্ন করা হবে। আগ্রহী সংস্থাগুলির জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে এই লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল করলেও, মাঝেরহাটের পরের অংশ অর্থাৎ মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া ও পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত ভূগর্ভস্থ রুটের কাজ শেষ হওয়ার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন লাখ লাখ নিত্যযাত্রী।
প্রশাসন সূত্রে খবর, থার্ডরেলের বৈদ্যুতিক ব্যবস্থা বসানোর কাজ শেষ হওয়ার পাশাপাশি বাকি থাকা সিভিল কনস্ট্রাকশন ও স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন হলে ‘কমিশনার অফ রেলওয়ে সেফটি’ (CRS) পরিদর্শনে আসবেন। তাঁদের চূড়ান্ত সবুজ সংকেত মিললেই দক্ষিণ কলকাতার বিশাল এলাকা জুড়ে পুরোদমে চালু হয়ে যাবে বাণিজ্যিক মেট্রো পরিষেবা। আর এই রুট সম্পূর্ণ চালু হয়ে গেলে তিলোত্তমার পরিবহন ব্যবস্থায় যে এক ঐতিহাসিক বিপ্লব আসবে, তা বলাই বাহুল্য।