টাইগারের পর এবার ‘বিগ বি’! ‘জলসা’ উড়িয়ে দেওয়ার ছক? খোদ বোমার হুমকি মেইল অমিতাভকে!

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে ঘিরে ফের বড়সড় নিরাপত্তার আতঙ্ক! সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনার পরেই এবার সোজা ‘বিগ বি’-র বাসভবন ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর হুমকি মেইল এল। শুধু অমিতাভ বচ্চনের বাংলোই নয়, একইসঙ্গে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (BMC) ভবনও ওড়ানোর সতর্কবার্তা দেওয়া হয়েছে শুক্রবার। পর পর এই ধরণের মেইল মেলায় বাণিজ্যনগরীর পুলিশ ও প্রশাসনজুড়ে চরম শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, মুম্বইয়ের মেয়রের দফতরে একটি হুমকি ইমেইল পাঠানো হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩১ অক্টোবর এবং ২৭ নভেম্বর পর পর মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হবে। যার মধ্যে ৩১ অক্টোবর একটি নামী স্কুলে এবং ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেস কোর্সে হামলার নির্দিষ্ট পরিকল্পনার কথা বলা হয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ওই মেইলে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ এবং ‘বব্বর খালসা’—এই দুই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার একই ধরনের হুমকি ইমেইল মেলায় গোটা মুম্বই পুলিশ মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইমেইলের আইপি অ্যাড্রেস ও প্রেরকের উৎস খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সাইবার সেল ও মুম্বই পুলিশের বিশেষ টিম। নিরাপত্তার স্বার্থে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’-র চারপাশে নিরাপত্তা বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।