জিও-র মেগা কামাল! IPO খুলতেই টাকার পাহাড়, রিটার্ন দেখে চোখ কপালে বিনিয়োগকারীদের!

শেয়ার বাজারে ইতিহাস তৈরি করতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর সহযোগী সংস্থা ‘জিও প্ল্যাটফর্মস লিমিটেড’। সংস্থার বহু প্রতীক্ষিত ৩০,২১৩ কোটি টাকার মেগা আইপিও (IPO) বাজারে আসতেই বিনিয়োগকারীদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনা ও হুলস্থুল দেখা দিয়েছে। আবেদনের শেষ দিনে পাওয়া তথ্য অনুযায়ী, জিও-র এই আইপিও-তে প্রায় ৩.৭৩ লক্ষ কোটি টাকার দরপত্র (bids) জমা পড়েছে, যা নিয়ে ভারতের অর্থনৈতিক বাজারে শোরগোল পড়ে গিয়েছে।
সংস্থার দেওয়া তথ্য অনুসারে, ১৯.৭৫ কোটি শেয়ার বিক্রির প্রস্তাবের বিপরীতে বিনিয়োগকারীরা প্রায় ১১০.০৩ কোটি শেয়ারের জন্য আবেদন জানিয়েছেন। ফলে সামগ্রিকভাবে এই আইপিও নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫.৫৭ গুণ বেশি সাবস্ক্রাইব হয়েছে। যার মধ্যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স (QIB) অংশে সবথেকে বেশি অর্থাৎ ১২.৩৯ গুণ এবং নন-ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের (NII) ক্ষেত্রে ৫.৯৭ গুণ সাবস্ক্রিপশন নথিভুক্ত হয়েছে।
বাজার বিশেষজ্ঞদের নজর এখন এই শেয়ারের প্রিমিয়াম বা জিএমপি (GMP)-র দিকে। ইনভেস্টরগেনের তথ্য অনুযায়ী, শেয়ার প্রতি সর্বোচ্চ দর ১,০৬৫ টাকা থেকে ১,১১৯ টাকা নির্ধারণ করা হলেও গ্র্রে মার্কেটে প্রতি শেয়ারে প্রায় ২৪০ টাকা প্রিমিয়াম চলছে। ফলে আগামী ২৮ অক্টোবর শেয়ার বাজার (NSE ও BSE)-এ তালিকাভুক্তির দিনে শেয়ার পিছু দর ১,৩৫৯ টাকায় পৌঁছাতে পারে, যা বিনিয়োগকারীদের এক ধাক্কায় প্রায় ২১.৪৫ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় মুনাফার সংকেত দিচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর সোমবার রিলায়েন্সের তরফে আনুষ্ঠানিকভাবে শেয়ার বরাদ্দের (Allotment) প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। প্রাতিষ্ঠানিক ও খুচরো বিনিয়োগকারীদের ব্যাপক সাড়ায় শেয়ার বাজারের ইতিহাসে এই আইপিও এক নতুন নজির গড়তে চলেছে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকরা।