টাইগার শ্রফের গাড়িতে হামলার পরেই ছক ছিল বড়! গুলি চালিয়েই নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আততায়ীদের

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী হামলার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অভিনেতার ওপর গুলি চালানোর অভিযোগে যে তিন জন সার্প শ্যুটারকে গ্রেফতার করা হয়েছে, তাদের জেরা করে এবার পুলিশ জানতে পেরেছে যে, অপরাধ সংঘটিত করার পরই সোজা নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল ওই আততায়ীরা।

রাজস্থান থেকে গ্রেফতার তিন শ্যুটার

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেনে চড়ে পালানোর সময় ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (AGTF) এবং কোটা সিটি পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে। ধৃতদের মধ্যে রয়েছে হরিয়ানার সোনিপতের ১৭ বছরের এক কিশোর, বেগুসরাইয়ের ২২ বছর বয়সি হৃতিক কুমার ওরফে রোশন এবং ১৮ বছর বয়সি রেহান। এদের মধ্যে রোশন মুম্বইয়ের অন্ধেরিতে র‌্যাপিডো চালক হিসেবে কাজ করত।

তদন্তে জানা গিয়েছে, ধৃত এই তিনজনই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। এর মধ্যে দুজনকে সরাসরি অভিনেতার ওপর হামলা চালানোর জন্য সুপারি দেওয়া হয়েছিল এবং তৃতীয় ব্যক্তি তাদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর থেকেই তারা তক্কে তক্কে ছিল কীভাবে শহর ছেড়ে পালিয়ে যাওয়া যায়।

নেপাল পালানোর পরিকল্পনা ও তদন্তের অগ্রগতি

পুলিশের প্রাথমিক অনুমান, হামলা চালানোর পর সীমান্ত পেরিয়ে নেপালে গা ঢাকা দেওয়ার উদ্দেশ্যেই ট্রেনে চেপেছিল তারা। তবে যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল, সেটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে মুম্বই পুলিশের একটি বিশেষ দল ইতিমধ্যে কোটায় পৌঁছেছে। তাদের ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে এনে এই নাশকতার নেপথ্যে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Pratik Saha
  • Pratik Saha