জন্মদিনের পার্টির টাকা ও সোনার চেন চাই! বন্ধুকে ডেকে নিয়ে যা করল দুই সঙ্গী, শিউরে উঠবে রোমহর্ষক কাণ্ড

জন্মদিনের পার্টির খরচ জোগাড় এবং শখের বাইক কেনার নেশা। আর সেই লোভেই প্রিয় বন্ধুকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দুই কিশোরের বিরুদ্ধে। মহারাষ্ট্রের থানেতে ঘটা এই রোমহর্ষক হত্যাকাণ্ডে শিউরে উঠেছে পুলিশও। সোনার চেন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত ১৭ বছর বয়সি ওই কিশোরের নাম প্রাজোৎ কাম্বলে। গলায় একটি সোনার চেন পরত প্রাজোৎ। যা নিয়মিত নজরে পড়ত তার দুই বন্ধু ও অভিযুক্ত কিশোরের। ধৃতদের একজনের জন্মদিনের পার্টির জন্য টাকা দরকার ছিল, আর অন্যজনের ইচ্ছে ছিল একটি বাইক কেনার। এই দুইয়ের লোভে পড়ে প্রাজোৎকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে তারা।
পুলিশ সূত্রে খবর, গত গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল প্রাজোৎ। সেদিন রাতেই থানায় অপহরণের ডায়েরি করেন তার বাবা। এরপর তদন্তে নেমে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে তারা দাবি করে, প্রাজোৎ নাকি অপরিচিত এক যুবকের সঙ্গে বাইকে চেপে কোথাও বেরিয়েছিল এবং তারপর থেকেই তার খোঁজ নেই।
কিন্তু তদন্তকারীদের সন্দেহ হওয়ায় এলাকায় থাকা প্রায় ৯০টি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয়। কিন্তু অভিযুক্তদের বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজের কোনো মিল পাওয়া যায়নি। এরপরই তাদের কঠোরভাবে জেরা করতেই বেরিয়ে আসে আসল সত্য।
পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করে, গত ২৪ সেপ্টেম্বর সিগারেট খাওয়ার নাম করে প্রাজোৎকে একটি নির্জন এলাকায় ডেকে নিয়ে যায় তারা। সেখানে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়। এরপর মৃতদেহের গলায় থাকা সোনার চেনটি খুলে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। প্রমাণ লোপাট করতে প্রাজোতের দেহ পুড়িয়ে দেওয়া হয় এবং তার মোবাইল ফোনটি একটি চলন্ত বাসের মধ্যে ফেলে দেওয়া হয় যাতে তদন্তকারীদের বিভ্রান্ত করা যায়। শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ ও জেরা মারফত গোটা ঘটনার রহস্যভেদ করেছে পুলিশ।