৫০০ কোটির বক্স অফিস কাঁপানোর মাঝেই মাথায় বাজ! অজয়-কাজলের কোটি টাকার বিলাসবহুল বাংলো গুঁড়িয়ে দিল বিএমসি

একদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দৃশ্যম ৩’-এর দুর্দান্ত সাফল্য এবং বক্স অফিসে ৫০০ কোটি টাকার গণ্ডি পার করার উচ্ছ্বাস—অন্যদিকে জীবনের এক বিরাট আইনি ধাক্কা। বলিউড সুপারস্টার অজয় দেবগণ ও অভিনেত্রী কাজলের মুম্বইয়ের জুহুতে অবস্থিত বিলাসবহুল বাংলোর একটি অবৈধ অংশ সোজা বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। অননুমোদিত ও বেআইনি নির্মাণকাজের অভিযোগে পুরসভার এই কঠোর পদক্ষেপে শোরগোল পড়ে গেছে গোটা বলিপাড়ায়।
মুম্বইয়ের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রায় ৭,৮০২ বর্গফুটের ওই অভিজাত বাংলোটিতে যথাযথ আইনি অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন দেওয়াল নির্মাণ এবং জানালার নকশায় নানা বেআইনি বদল আনা হচ্ছিল। এই কারবার নজরে আসতেই গত ১০ সেপ্টেম্বর বিএমসি-র কে/ওয়েস্ট ওয়ার্ডের পক্ষ থেকে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের ৩৫৪এ ধারার অধীনে একটি কড়া নোটিশ জারি করা হয়েছিল। নোটিশে অবিলম্বে সমস্ত নির্মাণকাজ বন্ধ রেখে বৈধ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তারকা দম্পতিকে।
কিন্তু অভিযোগ উঠেছে, পৌরসভার সেই কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চালিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি এবং এলাকার কর্পোরেটরদের পক্ষ থেকেও ওই সম্পত্তির বাণিজ্যিক ব্যবহার ও নিয়মরক্ষার অসঙ্গতি নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছিল। এরপরই আর কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে বিএমসি-র আধিকারিকরা অবৈধভাবে তৈরি অংশগুলি ভেঙে ফেলেন। ছবি মুক্তির আনন্দের মাঝেই এই আকস্মিক পদক্ষেপে বড়সড় আইনি জটে পড়ে গেলেন হেভিওয়েট এই তারকা জুটি।