কোটি কোটি টাকা বাজেট বাড়িয়েও মিলছে না লোক! টিম ইন্ডিয়ার নতুন চিফ সিলেক্টর কে?

অজিত আগরকরের মেয়াদ ফুরোনোর পর ভারতীয় পুরুষ দলের নতুন প্রধান নির্বাচক কে হবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই। এর মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই নির্বাচক কমিটির জন্য বরাদ্দ আর্থিক বাজেট বাড়িয়ে ১৯.৩৫ কোটি টাকা করেছে, যা আগের তুলনায় প্রায় ৫ কোটি টাকা বেশি। আইপিএল কোচিং বা ব্রডকাস্টিং ডিলের তুলনায় নির্বাচকদের বেতন কম হওয়ায় বড় নামগুলো এই পদের প্রতি অনীহা প্রকাশ করছে। বোর্ডের তরফ থেকে দেশের হয়ে শতাধিক টেস্ট খেলা দুই কিংবদন্তির কাছে প্রস্তাব পাঠানো হলেও তাঁরা তা বিনম্রভাবে ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে, পশ্চিমাঞ্চল থেকে পার্থিব প্যাটেলের প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা জোরালো শোনা গেলেও তিনি শেষ পর্যন্ত আবেদনই করেননি। আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি ও সম্প্রচার মাধ্যমের সঙ্গে লাভজনক চুক্তি বজায় রাখতেই তিনি এই দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। ১৪ অক্টোবর আবেদনের শেষ দিন পেরিয়ে যাওয়ায় বিসিসিআইয়ের অন্দরমহলে এখন বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বড় অঙ্কের বেতন ও বাজেট বাড়িয়েও কেন দেশের শীর্ষ ক্রিকেটাররা এই গুরুদায়িত্ব নিতে চাইছে না, তা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল।