‘বিগ বস বাংলা’র ঘরে প্রেমের জোয়ার! রান্নার মাঝে নন্দিনীকে এ কী প্রোপোজ করলেন রাজবীর?

‘বিগ বস বাংলা’র অন্দরে এখন বইছে অকাল বসন্তের হাওয়া! গত কয়েকদিন ধরে রাজবীর ও নন্দিনীর পর্দার আড়ালের মাখোমাখো রসায়ন ও ঘনিষ্ঠতা দর্শকদের নজর কেড়েছিল। তবে এবার সমস্ত রাখঢাক ভেঙে সরাসরি অভিনেত্রী নন্দিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়া প্রতিযোগীরা রাজবীর। তাঁদের এই রোম্যান্টিক মুহূর্ত মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

এদিন লাক্সারি বাজেট টাস্কের মাঝে বিরতির সময়ে রান্নাঘরে যখন ব্যস্তহাতে রান্না করছিলেন নন্দিনী, ঠিক তখনই একটি চিরকুট হাতে তাঁর সামনে হাজির হন রাজবীর। সবার সামনে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি নন্দিনীর জন্যই একটি প্রেমের চিঠি লিখেছেন। নন্দিনী অনুমতি দিতেই রাজবীর চিঠিটি পড়তে শুরু করেন। চিঠিতে তিনি লেখেন, “নন্দিনী, আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা তুমি। যেদিনই তোমাকে দেখেছিলাম, সেদিনই বুঝেছিলাম আমাদের মধ্যে বিশেষ কোনো কানেকশন রয়েছে। কখনও ভাবিনি একে অপরের প্রেমে পড়ব, কিন্তু হয়তো আমাদের এই লাভ স্টোরি ঈশ্বরেরই লেখা। আমাদের এই টম অ্যান্ড জেরির সম্পর্ক যেন আমার চুল সাদা হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে। তুমি কি আমার শেষ ৭ মিনিট হবে?”

রাজবীরের এই আবেগঘন ও মিষ্টি প্রস্তাব শুনে নিজেকে ধরে রাখতে পারেননি নন্দিনী। তৎক্ষণাৎ রাজবীরকে জড়িয়ে ধরে তিনি বলে ওঠেন, “আই লাভ ইউ” এবং আদরে ভরিয়ে দেন। রাজবীরও স্বীকার করেন যে জীবনে এই প্রথম তিনি কারও জন্য নিজের হাতে চিঠি লিখেছেন। তাঁদের এই অনাবিল কেমিস্ট্রি ও একে অপরের প্রতি যত্নশীল মানসিকতা ইতিমধ্যেই দর্শকদের মনে গভীর জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। এই সিজনে একাধিক তারকা প্রতিযোগী থাকলেও রাজবীর ও নন্দিনীর এই প্রেমকাহিনি এখন রিয়েলিটি শোয়ের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক টুইস্ট, ওয়াইল্ড কার্ড এন্ট্রি এবং এলিমেশনের উত্তেজনার মাঝে বিগ বসের এই মনকাড়া রোম্যান্স মন জয় করেছে দর্শকদের।