পুজোয় প্যান্ডেল হপিং হবে জমজমাট! হাওড়া ডিভিশনে রাতভর ছুটবে ১২টি স্পেশাল ট্রেন

দুর্গাপুজোর কদিন প্যান্ডেল হপিংয়ের উন্মাদনা আর অতিরিক্ত ভিড় সামাল দিতে বড়সড় উদ্যোগ নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের যাতায়াত আরও মসৃণ ও স্বস্তিদায়ক করতে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত রাতের বেলায় ১২টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, মূলত পুজোর রাতের দিকে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। হাওড়া, ব্যান্ডেল, তারকেশ্বর, চন্দনপুর, নৈহাটি ও বর্ধমানের মতো ব্যস্ত রুটগুলিতে চলাচল করবে এই স্পেশাল ট্রেনগুলি। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য রুটের প্রতিটি স্টেশনেই এই ট্রেনগুলির নির্ধারিত স্টপেজ থাকবে।
কোন কোন রুটে চলবে স্পেশাল ট্রেন?
হাওড়া থেকে ব্যান্ডেল এবং ডানকুনি হয়ে বর্ধমান পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে।
এ ছাড়াও হাওড়া-ব্যান্ডেল, শ্রীরামপুর-তারকেশ্বর, ব্যান্ডেল-নৈহাটি এবং হাওড়া-চন্দনপুর রুটেও নিয়মিত ট্রেনের পাশাপাশি অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।
ফলে সপ্তমী থেকে দশমী— পুজোর এই কদিন রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফেরা নিয়ে আর দুশ্চিন্তায় থাকতে হবে না যাত্রীদের।