পাওয়ারব্যাঙ্ক নিয়ে বিমানে চড়া কি নিষিদ্ধ হলো? DGCA-র বড় নির্দেশ ঘিরে তৈরি হলো ধন্দ! জানুন আসল সত্যি

বিমানে আগুন লাগার বিপজ্জনক ঘটনার জেরে বড়সড় পদক্ষেপ করল ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (DGCA)। তবে কি সমস্ত পাওয়ারব্যাঙ্ক নিয়ে বিমান সফর নিষিদ্ধ হলো? যাত্রীদের মনে দানা বাঁধা এই প্রশ্নের উত্তর হলো— না, সমস্ত পাওয়ারব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কেবল একটি নির্দিষ্ট মডেলের পাওয়ারব্যাঙ্কের ব্যবহার ও পরিবহণের ওপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছে DGCA।
ভারতের অভ্যন্তরে চলাচলকারী এবং ভারত থেকে ছেড়ে যাওয়া কিংবা ভারতে আসা সমস্ত বিমানের ক্ষেত্রেই এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হবে।
কোন পাওয়ারব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা? ডিজিসিএ-র নির্দেশিকা অনুযায়ী, MOBIKINS MK-PB-04 মডেলের পাওয়ার ব্যাঙ্ক বহন ও পরিবহণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দিষ্ট মডেলের ডিভাইসটি কোনও যাত্রী বিমানে উঠতে পারবেন না এবং কার্গো হিসেবেও এটি পরিবহন করা যাবে না। বিমান সংস্থাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই নিষিদ্ধ মডেলটি চিহ্নিত করে যাত্রীদের তা বিমানে তোলা অবিলম্বে আটকাতে হবে।
হঠাৎ কেন এই কড়াকড়ি? সম্প্রতি রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই বিমানে থাকা একটি পাওয়ারব্যাঙ্ক থেকেই আগুন ছড়ায়। এই ভয়াবহ ঘটনার পরেই নড়েচড়ে বসে ডিজিসিএ। পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হায়দরাবাদে জরুরি অবতরণের ওই ঘটনার রেশ ধরে সংস্থার প্রধান বীর বিক্রম যাদব এই কঠোর নির্দেশিকা জারি করেন।
তাই বিমানযাত্রার আগে আপনার ব্যাগে থাকা পাওয়ারব্যাঙ্কের মডেলটি একবার মিলিয়ে দেখে নিন, যাতে এই নির্দিষ্ট মডেলের কারণে শেষ মুহূর্তে কোনো আইনি বা ভ্রমণ সংক্রান্ত জটিলতায় পড়তে না হয়।