‘আমি ভয় পাওয়ার লোক নই!’ বিকাশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর, বললেন—‘কনক্লুশন দেখতে পাবেন!’

সোশ্যাল মিডিয়া পোস্ট সংক্রান্ত মামলায় তলবে সাড়া না দিয়ে হাজিরা এড়িয়েছেন বিশিষ্ট বামপন্থী আইনজীবী তথা নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর এই প্রসঙ্গেই এবার কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এক সাংবাদিক বৈঠকে বিকাশরঞ্জনের নাম না করে এবং তাঁর ‘ভাষাতেই’ তাঁকে চরম হুঁশিয়ারি দেন শুভেন্দু।

ঠিক কী ঘটেছিল? সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের জেরে গত মঙ্গলবার গড়ফা ও কসবা—উভয় থানাতেই তলব করা হয়েছিল বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। কিন্তু বামপন্থী এই আইনজীবী ও নেতার তরফ থেকে সেই তলবে সাড়া দেওয়া হয়নি বলে অভিযোগ।

কী বললেন শুভেন্দু অধিকারী? বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা বিকাশরঞ্জনের হাজিরা না দেওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে শুভেন্দু সাফ জানিয়ে দেন, পুলিশ আবার ডাকবে এবং আইন প্রত্যেককেই মানতে হবে। এরপরই আদালতের দরজা খোলা রয়েছে বলে খোঁচা দেন তিনি।

তবে এরপরেই মেজাজ চড়িয়ে একেবারে চ্যলেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। হুঙ্কার দিয়ে তিনি বলেন,

“কিন্তু আপনাকে বলি, কনক্লুশন দেখতে পাবেন। আমি ওই সব ভয়-টয় পাওয়ার লোক নই। সিপিএমের সূর্য যখন মধ্য গগনে, তখন লক্ষ্মণ শেঠকে হারিয়েছি, ছোট চিফ মিনিস্টার ছিল। আমি দু’বার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। ওঁর বাড়িতে এসে হারিয়ে দিয়েছি। কাল বলেছিলাম রাজাবাজার থেকে এগোতে দেব না, এগোতে দিইনি।”

পুলিশি তলব এড়ানোর এই জল কতদূর গড়ায় এবং রাজনৈতিক মহলে এই বাদানুবাদ কোন মোড় নেয়, এখন সেটাই দেখার!