অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে ঢুকবে? পুজোর আগে কি বড় চমক পেতে চলেছেন মহিলারা?

মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ ঘিরে রাজ্যজুড়ে সাধারণ মানুষের কৌতূহল এখন তুঙ্গে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। গত মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সফলভাবে ঢুকেছিল। এরপর থেকেই পরবর্তী কিস্তি অর্থাৎ অক্টোবর মাসের টাকা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে মহালয়া ও পুজোর ঠিক আগে মহিলারা এই টাকা নিয়ে বিশেষভাবে আশাবাদী।
গত জুন মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিবারই মাসের মাঝামাঝি সময়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। যেমন, গত সেপ্টেম্বর মাসের কিস্তি ১৭ তারিখে দেওয়া হয়েছিল, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের পাশাপাশি ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবেও পালিত হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও অক্টোবর মাসের কিস্তি কবে আসবে, তা নিয়ে নানা জল্পনা চলছে।
সাধারণ হিসাব ও পূর্বের প্রবণতা অনুযায়ী, আগামী ১২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের কিস্তি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে বলে অনেকেই অনুমান করছেন। কারণ, চলতি মাসের ১৫ তারিখেই পঞ্চমী তিথি পড়ছে। তবে এই সম্ভাব্য তারিখ নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত ঘোষণা করা হয়নি। তাই ১২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে টাকা ঢুকবে—এমনটা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না।
প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, সঠিক ও নিশ্চিত তথ্যের জন্য শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিকার দিকে নজর রাখা উচিত। কোনো গুজবে কান না দিয়ে প্রত্যেকেই নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না এবং টাকা জমা পড়ার পর মোবাইলে এসএমএস আসছে কি না, তা নিয়মিত যাচাই করে নিতে পারেন। সরকারি নির্দেশিকা বা ঘোষণা না আসা পর্যন্ত এই সম্ভাব্য তারিখগুলোকে চূড়ান্ত বলে ধরে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।