মোদীর মন্ত্রীর পদত্যাগ! রাজ্যসভা ও মন্ত্রিত্ব ছেড়ে হঠাৎ কেন এই বার্তা দিলেন এল মুরুগান?

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনার মাঝেই এল পদত্যাগ। তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান তাঁর মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠানোর পাশাপাশি এক্স হ্যান্ডলেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে মুরুগান লিখেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে কাজ করার সুযোগ পাওয়া তাঁর জীবনের এক পরম সৌভাগ্য। দেশের পাশাপাশি নিজের রাজ্য তামিলনাড়ুর মানুষের সেবা করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।
এক্স হ্যান্ডলে নিজের রাজনৈতিক যাত্রার কথা স্মরণ করে তিনি জানান, এক দিনমজুরের সন্তান থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার এই পথচলা তাঁর কাছে অত্যন্ত গর্বের। তবে দিল্লি কেন্দ্রিক রাজনীতির মোহ ত্যাগ করে তিনি এবার সরাসরি তৃণমূল স্তরে ফিরতে চান। তাঁর স্পষ্ট ঘোষণা, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে দলের ভিত আরও শক্ত করতে এবং কর্মীদের পাশে থাকতে তিনি এখন থেকে পুরোদমে ময়দানে নামবেন।
রাজনৈতিক মহলের মতে, সোমবারই একাধিক রাজ্যের রাজ্যপাল পদে রদবদল নিয়ে সিলমোহর পড়েছিল। ঠিক তার পরেই এল মুরুগানের এই পদত্যাগ জাতীয় রাজনীতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় পরিবর্তনের জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। উল্লেখ্য, তামিলনাড়ুর রাজনীতি থেকে উঠে এলেও মুরুগান মধ্যপ্রদেশ থেকেই রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। দক্ষিণ ভারতে বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে হাইকম্ ফ্যাঁড়ের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।