মোদীর মন্ত্রিসভা থেকে আচমকা ইস্তফা এল মুরুগানের! সোশ্যাল মিডিয়ায় নিজেই ফাঁস করলেন পদত্যাগের আসল কারণ

বিরোধীদের লাগাতার আক্রমণ ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নরেন্দ্র মোদী সরকারের অন্দরে বড় ধাক্কা। আচমকাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ—উভয় পদ থেকেই পদত্যাগ করলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নিজের ইস্তফার কথা জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের নেপথ্য কারণও স্পষ্ট করেছেন এই শীর্ষস্থানীয় তামিলনাড়ু বিজেপি নেতা।

কেন এই হঠাৎ ইস্তফা? সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে এল মুরুগান জানিয়েছেন, আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে দলের তৃণমূল স্তরের সাংগঠনিক কাজকে আরও বেশি সময় দিতে চান তিনি। এক সাধারণ দীনমজুরের পরিবার থেকে উঠে এসে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় দেশের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের সর্বোচ্চ প্রাপ্তি ও সম্মানের বলে উল্লেখ করেন তিনি। ২০২১ সালে প্রথম রাজ্যসভার সাংসদ হওয়ার পর ২০২৪ সালেও বিজেপি তাঁকে উচ্চকক্ষে পাঠায়। তবে মেয়াদ ফুরোনোর আগেই দলের স্বার্থে মন্ত্রিত্ব ছাড়ার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।

জল্পনায় মন্ত্রিসভার রদবদল: উল্লেখ্য, এর আগে কেরলের জর্জ কুরিয়ন এবং পাঞ্জাবের রবনীত বিট্টুর মতো বিজেপি নেতারাও দলীয় সংগঠনের কাজে মনোনিবেশ করতে মন্ত্রিত্ব ছেড়েছিলেন। এবার সেই তালিকায় এল মুরুগানের নাম যুক্ত হওয়ায় দীপাবলির আগেই মোদী মন্ত্রিসভায় মেগা রদবদল ও নতুন মুখের আগমনের জল্পনা আরও জোরালো হলো।