২৫ লাখের নতুন গাড়িতে জালিয়াতি! হাতেনাতে ধরা পড়ে কত লাখের জরিমানার মুখে মারুতি সুজুকি?

কেরালার কান্নুর জেলার একটি গ্রাহক আদালত এক অনুমোদিত মারুতি সুজুকি ডিলারের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর নির্দেশ জারি করেছে। ডেলিভারির আগে ক্রেতার অজান্তে এবং অনুমতি ছাড়াই একটি ২৫.২১ লক্ষ টাকা মূল্যের মারুতি ইনভিক্টো গাড়ি পুনরায় রং করার অভিযোগে ডিলারকে প্রায় ৩৬ লক্ষ টাকার বিশাল ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ডিলারের এই অন্যায্য বাণিজ্য প্রথা ও পরিষেবার চরম গাফিলতি প্রকাশ পেতেই গাড়ি বাজারে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের অক্টোবর মাসে, যখন বিজেশ নামের এক গ্রাহক ২৫,২১,০০০ টাকা দিয়ে নীল রঙের একটি মারুতি সুজুকি ইনভিক্টো স্ট্রং হাইব্রিড গাড়ি বুক করেন এবং নভেম্বরে তার ডেলিভারি নেন। ডেলিভারির পর তিনি লক্ষ্য করেন যে গাড়ির বনেট, বাম দিকের দরজা এবং ওপরের অংশে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। কোনো পুরনো ক্ষতি বা ত্রুটি গোপন করতেই ডিলার গোপনে এই কাজ করেছে বলে সন্দেহ করে বিজেশ গাড়ি পরিবর্তন বা অর্থ ফেরতের দাবি জানান। ডিলার সেই দাবি প্রত্যাখ্যান করলে এবং আইনি নোটিশের জবাব না দিলে মামলাটি কান্নুর জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে পৌঁছায়।

আদালতের নির্দেশে নিযুক্ত বিশেষজ্ঞ কমিশনার গাড়িটি পরিদর্শন করে জানান যে, ওই অংশগুলোতে সত্যিই পুনরায় রং করা হয়েছে এবং এর ফলে গাড়ির আসলি রঙের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি ভেতরের সিলিং লাইনিংও আলগা হয়ে গেছে। আদালত শুনানি এড়িয়ে যাওয়া অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে একতরফা রায় ঘোষণা করে। রবি সুশা, মোলিক্কুট্টি ম্যাথিউ ও সাজীশ কে.পি.-র সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দেয় যে, ডিলারকে হয় ত্রুটিপূর্ণ গাড়ি বদলে একটি নতুন ইনভিক্টো দিতে হবে অথবা মেরামতের জন্য ২,০০,০০০ টাকা মেটাতে হবে। এর পাশাপাশি মানসিক চরম হয়রানির ক্ষতিপূরণ বাবদ ১৫,০০,০০০ টাকা এবং আইনি খরচ হিসেবে ১০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে নির্দেশ পালনে ব্যর্থ হলে ১২% হারে সুদ প্রযোজ্য হবে।