ঘণ্টায় ১৮০ কিমি বেগে দুরন্ত গতিতে ছুটল বন্দে ভারত! কাপুরথালার রেল কারখানায় নয়া ইতিহাস

পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (RCF) ফের একবার তাক লাগানো সাফল্যের সাক্ষী থাকল। এই কারখানায় তৈরি নতুন ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস সফলভাবে তার হাইস্পিড ট্রায়াল বা উচ্চগতির পরীক্ষা সম্পন্ন করেছে। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির (CCRS) প্রত্যক্ষ তত্ত্বাবধানে মথুরা–নাগদা রেল সেকশনে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে এই ট্রেনটির ট্রায়াল চালানো হয়। এই সফল পরীক্ষার মাধ্যমে ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ টিকিয়ে রাখার ক্ষমতা, পরিচালনগত দক্ষতা এবং বিভিন্ন অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা নিখুঁতভাবে যাচাই করা হয়েছে, যা আধুনিক ভারতীয় রেলের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে রইল।
রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আধুনিক প্রযুক্তির বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনের কোচ তৈরিতে কাপুরথালার এই কারখানা বর্তমানে দেশের অন্যতম প্রধান হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে। শুধু দেশীয় চাহিদা মেটানোই নয়, ভারত গণ্ডী পেরিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেও রেল কোচ সফলভাবে রফতানি করেছে RCF। বিশেষ করে ২০২৫-২৬ অর্থবর্ষে এই কারখানায় রেকর্ড সংখ্যক অর্থাৎ ২,৩৮৩টি রেল কোচ তৈরি হয়েছে, যা সংস্থার সুদীর্ঘ উৎপাদনের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে ভারতীয় রেলের যাত্রাকে আরও উন্নত, নিরাপদ এবং বিশ্বমানের করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে এই সংস্থা।