ইন্দ্রানী থেকে কোয়েল-শুভশ্রী, দেখুন দূরদর্শন থেকে ছোটপর্দার সেরা ‘মা দুর্গা’দের তালিকা!

মহালয়ার ভোর মানেই বাঙালির নস্ট্যালজিয়া, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চেনা কণ্ঠ আর ছোটপর্দায় মা দুর্গার অপরূপ রূপ। আশির দশকে দূরদর্শনের হাত ধরে যে পথচলা শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা নানা বেসরকারি চ্যানেলে এক বিরাট উৎসবে পরিণত হয়েছে। ছোটপর্দায় টলিউড ও টেলিভিশনের বহু জনপ্রিয় নায়িকাকে দেবীরূপে দেখেছেন দর্শক। মহালয়ার বিশেষ ভোরে কোন কোন অভিনেত্রীর দুর্গারূপ আজও দর্শকের মনে স্থায়ী আসন করে রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক তাঁদের সেই সোনালী ও স্মরণীয় খতিয়ান:
মালবিকা মিত্র: ১৯৮৫ সালে দূরদর্শনের মহালয়া অনুষ্ঠান ‘ইয়া দেবী সর্বভূতেষু’-তে প্রথম দেবী দুর্গার রূপ ফুটিয়ে তোলেন তিনি। ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত দূরদর্শনের এই অনুষ্ঠান দারুণ জনপ্রিয়তা পায়।
সংযুক্তা বন্দ্যোপাধ্যায়: মহিষাসুরমর্দিনী বলতেই যাঁর মুখ সবার আগে চোখের সামনে ভেসে ওঠে, তিনি সংযুক্তা। ১৯৯৪ সালে শ্রীশিক্ষায়তনের প্রথম বর্ষের ছাত্রী হিসেবে প্রথম দুর্গার ভূমিকায় অভিনয় করে তিনি ইতিহাস গড়েন। পরবর্তীকালেও একাধিকবার দূরদর্শনের এই বিশেষ দায়িত্বে ফিরে আসেন তিনি।

ইন্দ্রাণী হালদার ও অপরাজিতা আঢ্য: দূরদর্শনের দুর্গারূপে ইন্দ্রাণী হালদারের অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে। অন্যদিকে, ২০০৫ সালে দূরদর্শনের মহালয়ায় দেবী সেজেছিলেন অনবদ্য রূপের অধিকারী অপরাজিতা আঢ্য।

হেমা মালিনী: বলিউড ড্রিম গার্ল হেমা মালিনী একবার কলকাতা দূরদর্শনের মহালয়া অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশজুড়ে তুমুল সাড়া ফেলেছিলেন। ১৯৯৫ সালের সেই বিশেষ রূপটি আজও দর্শকের মনে বিশেষ জায়গায় রয়েছে।

সৌমিলি বিশ্বাস ও দেবশ্রী রায়: ২০০৭ এবং ২০০৮ সালে ইটিভি বাংলা ও কলকাতা দূরদর্শনের মহিষাসুরমর্দিনী রূপে নজর কাড়েনৌমিলি। অন্যদিকে, দেবশ্রী রায়ের নান্দনিক নৃত্যদক্ষতা ও নিখুঁত অভিব্যক্তি মহালয়ার অনুষ্ঠানকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

ঋতুপর্ণা, স্বস্তিকা, কোয়েল ও শুভশ্রী: বেসরকারি চ্যানেলের ‘দেবী দশমহাবিদ্যা’-য় ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়— প্রত্যেকেই একাধিকবার মহিষাসুরমর্দিনী রূপে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছেন।

নুসরত, শ্রাবন্তী ও মিমি চক্রবর্তী: ২০২৩ সালে নুসরতের দুর্গারূপ ব্যাপক চর্চা ও বিতর্কের জন্ম দিলেও তা দর্শকের মনে ছিল। পাশাপাশি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীও বিভিন্ন চ্যানেলের মহালয়ায় মহামায়া ও পার্বতীর রূপে সেজে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন।




