চলন্ত ইলেকট্রিক গাড়িতে আচমকা বিস্ফোরণ! ডিভাইডারে ধাক্কা লেগে পুড়ে ছাই ৪, মর্মান্তিক দৃশ্যে শিউরে উঠলেন প্রত্যক্ষদর্শীরা

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ওয়েস্ট বাইপাসে এক ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ডিভাইডারে সজোরে ধাক্কা মারার পরমুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে একটি বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি। নিমেষেই গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় চার জন যাত্রীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় আরও এক আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় স্পষ্ট হয়েছে। তিনি হলেন ৩৯ বছর বয়সী কোম্মারেড্ডি রামদেব, যিনি এনটিআর জেলার নুন্না এলাকার বাসিন্দা ছিলেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রামদেব ছাড়াও তাঁর মা অরুণা এবং অপর এক নারীসহ একটি নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পাঁচ জন একটি পারিবারিক অনুষ্ঠান সেরে নুন্নায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। অনুষ্ঠানটি ছিল অন্ধপ্রদেশের নামবুরু এলাকায়। কিন্তু সেই আনন্দের রাতই যে এভাবে সর্বনাশে পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। বিজয়ওয়াড়া ওয়েস্ট বাইপাসের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে রোডের ডিভাইডারে। আর তার পরেই মুহূর্তে আগুন ধরে যায় অত্যাধুনিক ওই গাড়িতে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকা ওই ই-কারের একাধিক ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওইসব ফুটেজে দেখা গেছে, গাড়িটি থেকে গলগল করে কালো ধোঁয়া বেরিয়ে চারপাশের আকাশ ঢেকে ফেলেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি যে মডেলের ছিল তা হলো ‘এমজি উইন্ডসর ইভি’ (MG Windsor EV)। হৃদয়বিদারক এই ভিডিওগুলিতে গাড়ির চারপাশে নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে, যা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেটপাড়ার বাসিন্দারা।
ইলেকট্রিক গাড়ির সুরক্ষা এবং ব্যাটারির কার্যকারিতা নিয়ে এই দুর্ঘটনা ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ শুরু করে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং ই-কারের প্রযুক্তিগত কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।