এবার রাস্তায় নামলেই বিপদ? দিল্লির নতুন পুলিশি ফরমানে মাথায় হাত বিরোধী শিবিরের!

রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির নিয়মকানুন একধাক্কায় আমূল বদলে দিল পুলিশ। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে যন্তর মন্তর কিংবা দিল্লির যে কোনো সাধারণ রাস্তায় ইচ্ছেমতো জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য নির্দিষ্ট তিনটি স্থান নির্ধারণ করে দিয়েছে দিল্লি পুলিশ—রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। আইনশৃঙ্খলা রক্ষা এবং রাজধানীর যানজট নিয়ন্ত্রণে রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ এতে স্বস্তি পেলেও, চরম ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
তবে রামলীলা ময়দানে বড় ধরনের আন্দোলনের পথও এখন অত্যন্ত ব্যয়বহুল। ১২ একরের এই বিশালাকার প্রাঙ্গণে জমায়েত করতে হলে একদিনের জন্য কর ও ফেরতযোগ্য আমানতসহ মোট ১.২১ লক্ষ টাকা গুণতে হবে। তার ওপর সমস্যা রয়েছে বুকিং নিয়েও—চলতি বছরে কেবল ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর বাদে বাকি সব দিনই আগে থেকে বুক করা রয়েছে। যদিও দিল্লি পুরনিগম জানিয়েছে, ময়দানের একটি ছোট অংশে ১৫০ জন পর্যন্ত বিনামূল্যে ছোট জমায়েত করতে পারবেন, যা বড় কোনো রাজনৈতিক দলের জন্য কার্যত অসম্ভব। তার ওপর রয়েছে পুলিশের এনওসি নেওয়ার বাধ্যতামূলক শর্ত।