‘দুবাইয়ে গিয়ে সমুদ্রের হাওয়া খাবো!’ ভোটের ফল বেরোতেই হুমায়ূনের মন্তব্যে শোরগোল

ভোটের ফল প্রকাশের আগেই রাজনীতি ছাড়ার ঘোষণা করেছিলেন। আর এবার রেজিনগর উপনির্বাচনের গণনায় বিজেপির জয় একপ্রকার স্পষ্ট হতেই আরও এক ধাপ বাড়িয়ে দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) নেতা হুমায়ুন কবীর। সমস্ত রাজনৈতিক জল্পনা ও হতাশার মাঝেই তিনি জানিয়ে দিলেন, দেশ ছেড়ে সোজা দুবাইয়ে পাড়ি দিতে চান তিনি।

দুবাইয়ে বাকি জীবন কাটানোর ইচ্ছা: শুক্রবার রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলছে এবং সেখানে গেরুয়া শিবিরের জয় এখন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় মন্তব্য করেন হুমায়ুন। তিনি বলেন, “২০২৯ সালে আমার বয়স ৬৬ বছর হবে। যে ক’দিন বেঁচে থাকব, দুবাইয়ে গিয়ে খাবদাব, ঘুরব এবং সমুদ্রের হাওয়া খাব। সেখানেই যেন আমার কবরস্থ হওয়া হয়।”

বাবরি মসজিদ নিয়ে কী বললেন হুমায়ুন? উল্লেখ্য, গত বছর রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজস্ব দল গড়েছিলেন হুমায়ুন কবীর। চলতি বিধানসভা নির্বাচনেও সেই একই প্রতিশ্রুতি দিয়ে তিনি নওদা কেন্দ্র থেকে জয়ী হন। প্রশ্ন উঠছে, তবে কি প্রতিশ্রুতি পূরণ না করেই দেশান্তরী হচ্ছেন তিনি? এই প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে মুখ খুলে বিধায়ক স্পষ্ট করে দেন যে, মসজিদ নির্মাণ সম্পন্ন না করে তিনি এক পা-ও নড়বেন না। তাঁর সাফ কথা, “মসজিদ কমপ্লিট করে তবেই দুবাই যাব। এই দায়িত্ব আমি নিজের কাঁধেই নিয়েছি।” রেজিনগরের এই হাইভোল্টেজ রাজনৈতিক পটপরিবর্তনের মাঝে হুমায়ুনের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।