ঘর হারানো মানুষদের জন্য বিরাট উপহার! মানিকচকে ২৪ হাজারেরও বেশি পরিবারকে গৃহনির্মাণের আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

বন্যা ও নদীভাঙনে ভিটেমাটি হারানো মালদার হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। মানিকচকের মাটিতে দাঁড়িয়ে ২৪ হাজার ৫৯৫ জন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গৃহ নির্মাণ আর্থিক সহায়তা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে এই প্রকল্পের মাধ্যমে পুরোপুরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পাবে ৯০ হাজার টাকা।

এদিন কেবল আর্থিক সহায়তাই নয়, মানিকচকের দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং আসন্ন উৎসবের কথা মাথায় রেখে পুজোর উপহারও তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রতুয়া ও মানিকচক অঞ্চলের দীর্ঘদিনের ভয়াবহ নদীভাঙন সমস্যা স্থায়ীভাবে ও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। মালদার মাটি থেকে প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের সুরক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি এই বিশেষ সাহায্য পেয়ে আপ্লুত এলাকাবাসী। দুর্গতদের পুনর্বাসন ও তাঁদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকারের এই সুদূরপ্রসারী পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে।