অপেক্ষার অবসান! কবে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’? প্রকাশ্যে এল রণবীর-যশের লুক!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতারা। নবরাত্রির শুভ সূচনায় প্রকাশ্যে এল ছবিটির নতুন পোস্টার, যা ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত এই মহাকাব্যিক ছবিটির প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। দীপাবলির উৎসবের আবহে বড় পর্দায় এই ছবি আসার খবরে অনুরাগীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।
নবরাত্রির প্রথম দিনে প্রকাশিত এই নতুন পোস্টারে রামের দিব্য রূপ ধরা দিয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে, সীতার পবিভ্র ও মার্জিত সাজে নজর কেড়েছেন সাই পল্লবী এবং লক্ষ্মণের চরিত্রে দেখা মিলেছে রবি দুবেকে। তবে পোস্টারের সবচেয়ে বড় আকর্ষণ রাবণের অবতারে অভিনেতা যশের জমকালো ও শক্তিশালী লুক। পৌরাণিক আবহে তৈরি এই দৃষ্টিনন্দন পোস্টারটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। নির্মাতারা আরও ঘোষণা করেছেন যে, আগামী ২০ অক্টোবর, অর্থাৎ দশেরার পবিত্র দিন থেকেই ছবিটির অগ্রিম টিকিট বুকিং শুরু হবে।
এর আগে ছবিটির মুক্তি ও রিলিজের দিনক্ষণ নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়েছিল। বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, আন্তর্জাতিক বাজারে মুক্তির দু’দিন পরে ভারতে মুক্তি পেতে পারে ছবিটি। তবে নির্মাতাদের সাম্প্রতিক এবং স্পষ্ট ঘোষণা সেই সমস্ত জল্পনায় পুরোপুরি জল ঢেলে দিয়েছে। তাঁদের সাফ জানানো হয়েছে, ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে একই দিনে একযোগে মুক্তি পাবে এই মেগা বাজেট ছবি।
বাল্মীকির মূল রামায়ণ অবলম্বনে তৈরি এই মহাকাব্যটি মোট দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে রাম ও সীতার পাশাপাশি রাবণের শক্তিশালী চরিত্রে কন্নড় সুপারস্টার যশ অভিনয় করছেন। এ ছাড়া লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং অযোধ্যার রাজা দশরথের চরিত্রে কিংবদন্তি অভিনেতা অরুণ গোভিলকে দেখা যাবে। পাশাপাশি, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, শূর্পণখার ভূমিকায় রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎজিহ্বার চরিত্রে বিবেক ওবেরয়ের মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
বিশাল বাজেট, তারকাখচিত কুশীলব এবং ভারতীয় সনাতন সংস্কৃতির সবচেয়ে পরিচিত পৌরাণিক কাহিনি—সব মিলিয়ে ‘রামায়ণ’ ঘিরে দর্শকের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। দীপাবলির এই উৎসবের মরসুমে রূপোলি পর্দায় এই মহাকাব্য কেমন ম্যাজিক দেখায় এবং বক্স অফিসে কী ইতিহাস গড়ে, এখন সেটাই দেখার অপেক্ষা।