‘উপযুক্ত জায়গায় যান!’ মিডিয়া ট্রায়াল রুখতে আদালতের দ্বারস্থ অভিষেক, কলকাতা হাইকোর্ট দিল বড় নির্দেশ

কেন্দ্রীয় সংস্থার তদন্তের গোপন তথ্য এবং জিজ্ঞাসাবাদের খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ঠেকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর করা এই আবেদনের ভিত্তিতে এখনই হস্তক্ষেপ করল না আদালত। সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগীয় এক্তিয়ার স্মরণ করিয়ে দিয়ে মামলাকারীকে ‘উপযুক্ত বেঞ্চে’ আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও।
আদালতে শুনানির সময় অভিষেকের আইনজীবী সওয়াল করে বলেন, “আমার মক্কেলের বিরুদ্ধে তদন্ত চলছে। নিজের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষা করার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। তদন্তের অগ্রগতি বা তল্লাশি সংক্রান্ত কোনো নথিপত্র মিডিয়ার সামনে আসা একদমই অবাঞ্ছনীয়।” একই সঙ্গে আইনজীবীর অভিযোগ, তদন্তকারী সংস্থার একাংশ ও কয়েকটি বেসরকারি সংবাদমাধ্যম ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনছে। এর ফলে কদর্য ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে, যা তাঁর মক্কেলের সামাজিক সম্মান ও নিরপেক্ষ তদন্তপ্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
সব পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্ট জানিয়ে দেন, এই ধরণের বিষয় শোনার সরাসরি এক্তিয়ার তাঁর বর্তমান বেঞ্চের নেই। পুলিশের এক্তিয়ারভুক্ত কোনো বিষয় থাকলে এই বেঞ্চ তার শুনানি গ্রহণ করতে পারে না। তবে মামলাটি খারিজ না করে বিচারক পরামর্শ দেন, “আমি মামলাটি খারিজ করছি না। আপনি শুধু উপযুক্ত নির্দেশিত বেঞ্চে গিয়ে বিষয়টির আবেদন (মেনশন) করুন।”