১৫ হাজার সিমেন্টের বস্তায় ৭০ ফুটের দেবীর অবয়ব! নবরাত্রিতে আদানির এমন তাক লাগানো কাণ্ড আগে দেখেছেন?

নবরাত্রি ও দুর্গাপুজোর আনন্দকে অন্য এক উচ্চতায় নিয়ে গেল আদানি সিমেন্ট (Adani Cement Durga Artwork)। উৎসবের আমেজে মধ্যপ্রদেশের কাইমোর কারখানায় এক অনন্য ও বিশাল শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই শিল্পসংস্থা। মাটির দিক থেকে দেখলে যেগুলোকে সাধারণ সিমেন্টের বস্তার সারি বলে মনে হবে, ওপর থেকে ড্রোন বা ক্যামেরার লেন্সেই তা রূপ নেয় দেবী দুর্গার এক বিরাট অবয়বে।

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট চওড়া জায়গা জুড়ে সুনিপুণভাবে সাজানো হয়েছে এসিসি ও অম্বুজা সিমেন্টের মোট ১৫ হাজার বস্তা। এই পুরো ইনস্টলেশনে ব্যবহার করা হয়েছে প্রায় ৭৫০ টন সিমেন্ট। অত্যন্ত নিখুঁত এই শিল্পকর্মটি ফুটিয়ে তুলতে শ্রমিকদের সম্মিলিতভাবে প্রায় ১২ হাজার ৬০০ শ্রমঘণ্টা ব্যয় করতে হয়েছে। প্রতিটি বস্তাকে সুনির্দিষ্ট মাপে ও স্থানে বসিয়েই দেবী দুর্গার মুখমণ্ডল, মুকুট এবং তাঁর দশ হাতের রূপ ফুটিয়ে তোলা হয়েছে।

কাছ থেকে দেখলে কেবল সিমেন্টের বস্তা ছাড়া আর কিছুই ঠাওর করা যায় না, কিন্তু আকাশছোঁয়া উচ্চতা থেকে ক্যামেরা যত ওপরে ওঠে, ততই স্পষ্ট হতে থাকে দেবী দুর্গার সেই পূর্ণাঙ্গ ও দ্য়ুতিময় অবয়ব। পুরো নির্মাণ প্রক্রিয়ার এই চমকপ্রদ দৃশ্য ক্যামেরাবন্দি করে সংস্থার ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।