“আমার লক্ষ্য ১০০টি এফআইআর!” পুলিশের মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি ও ‘ভোট চুরি’র বিরোধিতায় রাজনৈতিক পারদ চড়ছে। মঙ্গলবার পুলিশের হাতে আটক হওয়ার পর বুধবার নতুন কৌশল নিয়ে ময়দানে নেমেছে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। এদিন দিল্লির জনপথের একটি রেস্তোরাঁয় বিরোধী জোটের প্রায় ৩০০ জন সাংসদ মধ্যাহ্নভোজ ও এক উচ্চপর্যায়ের বৈঠকের পর যন্তর মন্তরের উদ্দেশে পদযাত্রা করেন। তবে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে তাঁদের আন্দোলন নতুন মাত্রা নেয়।

মঙ্গলবার অনুমতি ছাড়া আকাশবাণী ভবনে প্রবেশ ও ধর্না দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক খোলামেলা ও রসাত্মক ভঙ্গিতে রাহুল গান্ধী বলেন, “আমার বিরুদ্ধে ইতিমধ্যেই ৪৫টি এফআইআর রয়েছে। আমার লক্ষ্য এখন একশোটি এফআইআর ছোঁয়া। এফআইআর আমার কাছে মেডেলের মতো।”

কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইনি পদক্ষেপ বা পুলিশের ধমক-চমক দেখিয়ে তাঁদের কণ্ঠরোধ করা যাবে না। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তাঁদের এই আন্দোলন আরও তীব্র আকারে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। বুধবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ও কড়া নিরাপত্তা বজায় রয়েছে।