নবান্নের বড় উপহার! খেলাধুলোয় পদকজয়ী ৭৮ তরুণের সরকারি চাকরি পাকা, জানুন কীভাবে পাবেন নিয়োগপত্র

রাজ্যের ক্রীড়াবিদদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এল নবান্ন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের ৭৮ জন জাতীয় স্তরে পদকজয়ী খেলোয়াড়কে স্পোর্টস কোটায় সরকারি চাকরির নিয়োগপত্র দিতে তোরজোড় শুরু করেছে রাজ্য প্রশাসন। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা।
নবান্ন সূত্রের খবর, ক্রীড়াবিদদের এই চাকরির প্রস্তাব আগেই রাজ্য মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত পেয়েছিল। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সুপারিশ মেনে গত ১৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যোগ্যতা ও অর্জিত পদকের ভিত্তিতে এই ৭৮ জন ক্রীড়াবিদকে সেকশন অফিসার, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (ইউডিএ), লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) এবং গ্রুপ-ডি পদে নিয়োগ করা হচ্ছে। কর্মীবর্গ দফতরের বর্তমান পদের কাঠামোর বা শূন্যপদের কোনোরকম রদবদল না করেই বিশেষ এই ব্যবস্থার মাধ্যমে তাঁদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপ হিসেবে এবার পুলিশ ভেরিফিকেশন বা চারিত্রিক শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু হচ্ছে। দফতরের নিজস্ব ওয়েবসাইট (www.par.wb.gov.in) থেকে ‘ভেরিফিকেশন রোল’ বা ভিআর ফর্ম ডাউনলোড করে তা নির্ভুলভাবে পূরণ করতে হবে। ফর্মের দুটি আসল কপি জমা দিতে হবে। পাশাপাশি পদক জয়ের যাবতীয় শংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি একটি মুখবন্ধ খামে ভরে জমা দেওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট বা শারীরিক সক্ষমতার শংসাপত্রের কপিও জোড়া দিতে হবে।
নথিপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নবান্নের সাততলায় কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের ৭০৩ নম্বর ঘরে ড্রপ-বক্সে সরাসরি অথবা ডাকযোগে এই ফর্ম জমা দেওয়া যাবে। ছুটির দিন বাদ দিয়ে কাজের দিনে সকাল ১১টা থেকে বিকেল ৩টের মধ্যে ফর্ম জমা দিতে হবে। সরকারের তরফে কঠোর সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দিতে ব্যর্থ হলে চাকরিপ্রার্থী নিয়োগপত্র গ্রহণে আগ্রহী নন বলেই ধরে নেওয়া হবে।